হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিএনপির সঙ্গে জনগণ ছিল বলেই গত ১৭ বছর এত অত্যাচার সহ্য করেও দলটি আজও টিকে আছে। হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই। আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নওগাঁ শহরের এটিম মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে উত্তরাঞ্চলের জেলা নওগাঁ সফরে এসেছিলেন বিএনপির চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে এক পক্ষ দেশ থেকে পালিয়ে গেছে। তবে আরেকটি পক্ষ আছে, যারা আগে থেকেই তাদের সঙ্গে ছিল। গত ১৬ বছর তাদের মাঠে ঘাটে দেখা যায়নি, তবে ভিতরে ভিতরে তাদের সঙ্গে ছিল। বর্তমানে তারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনে ম্যাজিক দেখানোর মতো খালি বাক্স যেন ভরা বাক্সে পরিণত হতে না পারে, এজন্য ব্যালট বাক্স পাহারা দিতে হবে।

তিনি বলেন, গত ১৬ বছর বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন বা পরিবর্তন হয়নি। বিএনপি সরকার গঠন করলে গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন, নারীদের ক্ষমতায়ন এবং সাধারণ মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে তা নিশ্চিত করা হবে। ঢাকার অনেক উন্নয়ন হলেও, মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি।

কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। এই অঞ্চলে ধানের পাশাপাশি আম চাষ হয়, তবে আম সংরক্ষণের জন্য হিমাগার নেই। বিষয়টি সমাধান করা হবে। কৃষকদের উৎপাদিত ফসল কম খরচে ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য রেল ব্যবস্থার প্রতি গুরুত্ব দেওয়া হবে। শহীদ জিয়া আগে ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছিলেন, আমরা ১০ হাজার টাকা পর্যন্ত সুদ মওকুফ করব। দেশের সকল কৃষককে পর্যায়ক্রমে কৃষি কার্ড প্রদান করা হবে, যাতে ফসলের বীজ ও সার সহজে পৌঁছানো যায় এবং প্রাকৃতিক ক্ষতি মোকাবিলা করা যায়।’

নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মায়েদের স্বাস্থ্যসেবার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে প্রতি মাসে সুবিধা প্রদান করা হবে। গ্রামাঞ্চলে মায়েরা ভালো চিকিৎসাসেবা পান না। এজন্য গ্রামে হেলথ কেয়ার ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে ছোটখাটো অসুখও ঘরে বসেই নিরাময় করা সম্ভব হবে।’

শিক্ষিত বেকারদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ‘শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন নেই; খেলোয়াড়ও হওয়া যায়। স্কুল পর্যায়ে খেলাধুলা শেখানো হবে, যাতে বিদেশে সুনাম অর্জন এবং অর্থনৈতিকভাবে আয় করা সম্ভব হয়। এই অঞ্চলে কৃষি ও কলকারখানার সুযোগ রয়েছে। দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থান বৃদ্ধি করা সম্ভব। আইটি সেক্টরেও গুরুত্ব দেওয়া হবে। বিদেশি কোম্পানির সঙ্গে আলোচনার মাধ্যমে দেশে কাজের সুযোগ সৃষ্টি করা হবে।’

সমাবেশে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক নাজমুল হক সনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু, নওগাঁ ওলামা ইসলামের সভাপতি মুফতি ইলিয়াস তুহিন, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও মান্দা থানা বিএনপির সভাপতি আব্দুল মতিন, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, জেলা বিএনপির সভানেত্রী সাবিনা আক্তার পলি, সদর বিএনপির সভাপতি দেওয়ার মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান মিজান, যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, যুবদল নেতা শামিনুর রহমান শামিমসহ অনেকে বক্তব্য রাখেন।

এছাড়া নওগাঁ-১ আসনের প্রার্থী মোস্তাফিজ রহমান, নওগাঁ-২ আসনের প্রার্থী ডা. শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম এবং জয়পুরহাট-১ আসনের প্রার্থী মাসুদ রানা, জয়পুরহাট-২ আসনের প্রার্থী আব্দুল বারীও বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ