হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হলো শহীদ ওসমান হাদির মরদেহ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হলো শহীদ ওসমান হাদির মরদেহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অকুতোভয় বীর শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-৫৮৫) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখান থেকে মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাতে সেখানেই কফিন রাখা হবে।

এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়। মরদেহ দেশে আনার খবরে শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে হাদির অনুসারীরা জড়ো হন। এ সময় বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পোস্টে পুনর্ব্যক্ত করে জানিয়েছে, আগামীকাল শনিবার বাদ জোহর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে প্রাথমিক অস্ত্রোপচার করা হয়। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়।

সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ