হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ২১, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ২১, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা। হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই অসুস্থতার খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন সনিকা নিজেই। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর।’
বাংলাদেশের সংগীতাঙ্গনে নারী ডিজেদের মধ্যে অন্যতম পরিচিত নাম সনিকা। ২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে সংগীতজগতে তার যাত্রা শুরু হয়। নিজের ভিন্নধর্মী পরিবেশনা, প্রাণবন্ত উপস্থাপনা এবং চটুল তালের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তিনি সংগীতপ্রেমীদের নজর কাড়েন।
পরবর্তীতে দেশের বিভিন্ন বড় কনসার্ট, করপোরেট অনুষ্ঠান এবং বিনোদনমূলক আয়োজনে নিয়মিত পারফর্ম করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন এই শিল্পী।
২০১১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসা কুড়ান সনিকা। সেই আয়োজন তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
সংগীত ও ডিজে পারফরম্যান্সে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে তিনি ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ সম্মাননা লাভ করেন।
তবে কেবল ডিজে পারফরম্যান্সেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি সনিকা। সময়ের সঙ্গে গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। ২০১৪ সালে প্রকাশিত তার প্রথম মিউজিক ভিডিও ভল্লাগে শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলে।
সংগীতের পাশাপাশি ছোটপর্দাতেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন এই তারকা। ২০১৫ সালে অভিনয়ে যাত্রা শুরু করার পর তিনি লাস্ট সিকোয়েন্স এবং থ্রিপল এফ নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেন। অভিনয় ও সংগীত— দুই অঙ্গনেই সমানভাবে সক্রিয় থেকে তিনি বিনোদন জগতে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন।
জনতার আওয়াজ/আ আ