১০ দফা বাস্তবায়নের দাবিতে নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ২৫, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ২৫, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ

২৫ জানুয়ারি ‘বাকশাল দিবস’ পালন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। আজ বুধবার বেলা ১১টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা দেওয়ান শাহীন, এ হাই তালুকদার ডালিমসহ অন্য নেতারা।
এ সময় বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি বলেন, ১৯৭৪ সালের ২৫ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদে চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন করার বিল পাস করে। এই সরকার গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। যেখানে গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই, মানুষের কথা বলার অধিকার নেই, ১০ জন এক জায়গায় দাঁড়ানোর অধিকার নেই।
তিনি বলেন, বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে ১০ দফা দাবি আদায়ের মাধ্যমে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করবে।
একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তনের দিন হিসেবে এতদিন ২৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। তবে এবার দিনটিকে তারা ‘বাকশাল দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়
জনতার আওয়াজ/আ আ