১১ মামলায় আত্মসমর্পণের পর কারাগারে যুবদল নেতা ইসহাক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার ১১ মামলায় আত্মসমর্পণের পর যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এই মামলাগুলোতে সাজাপ্রাপ্ত আসামি তিনি।
রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজের একাধিক আদালতে ৬ মামলায় ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একাধিক আদালতে ৫ মামলায় আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।
শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারকেরা এসব মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে ইসহাককে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইসহাকের আইনজীবী মো. মামুন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ইসহাক সরকারের বিরুদ্ধে বিগত সরকার আমলে মোট ৩৬৫টি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে ১১টি সাজাপ্রাপ্ত হন তিনি। এর মধ্যে ৬ মামলায় মহানগর দায়রা জজশিপের একাধিক আদালত তাকে ২২ বছর ৬ মাস কারাদণ্ড দেন। দায়রা আদালতের ৬টি মামলা ও সিএমএম আদালতের আরও ৫টি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়। বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
জনতার আওয়াজ/আ আ