১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা, গ্রেপ্তার ৬১: টিআইবি - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা, গ্রেপ্তার ৬১: টিআইবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ৪, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ৪, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরবর্তী ১১ মাসে পুলিশের বিরুদ্ধে সারা দেশে ৭৬১টি মামলা হয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংস্থাটি বলছে, এসব মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ১৬৮ পুলিশ সদস্যকে। তাদের মধ্যে এখন পর্যন্ত ৬১ জন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ১ হাজার ৬০২টি মামলা হয়েছে।

এর মধ্যে ৬৩৮টি হত্যা মামলা রয়েছে। এসব মামলায় পতিত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য আনুমানিক ৮৭ জন গ্রেপ্তার রয়েছেন। ৭০ শতাংশ মামলার তদন্তে ‘সন্তোষজনক অগ্রগতি’ রয়েছে। ৬০-৭০টি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে আছে।

সম্মেলন কক্ষে আয়োজিত ‘নতুন বাংলাদেশ : কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

এ সময় টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম বলেন, এক বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে ৪২৯টি ও মামলা ২৭টি। শেখ হাসিনাসহ ২০৬ জন আসামির মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৭৩ জন। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের আগেই বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে।

তবে ট্রাইব্যুনালের বিচারকাজে ধীরগতি আছে। কিছু কিছু বিভাগীয় পদক্ষেপের বাইরে বাস্তবে পুলিশের বিরুদ্ধে কোনো কার্যকর জবাবদিহির অগ্রগতি না থাকা সরকারের সদিচ্ছা ও সক্ষমতার ঘাটতি দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি।

শাহজাদা এম আকরাম বলেন, শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত, বিচার শুরু হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় (১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত) সারা দেশে দায়ের করা প্রায় সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে।

গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ফেলো মো. জুলকারনাইন, ফারহানা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ