১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৭ জন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৭ জন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫ ২:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫ ২:১১ পূর্বাহ্ণ

 

গাজীপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রতীক বাংলাদেশ পুলিশের গৌরবময় অঙ্গীকারের ধারাবাহিকতায় গাজীপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ এর নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা পুলিশ সুপার ও সভাপতি, টিআরসি নিয়োগ কমিটি জুন-২০২৫, ড. চৌধুরী মো. যাবের সাদেক, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও সদস্য, টিআরসি নিয়োগ কমিটি জুন-২০২৫, মো. সোহেল রানা এবং কিশোরগঞ্জ জেলার হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সদস্য, টিআরসি নিয়োগ কমিটি জুন-২০২৫ মো. তোফাজ্জল হোসেন।

চূড়ান্ত ফলাফলে গাজীপুর জেলায় ৪৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এবং আরও ৫ জনকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। নাম ঘোষণা হওয়ার পর প্রার্থীদের মধ্যে অনেকেই আনন্দে কেঁদে ফেলেন। উচ্ছ্বাসে মুখচ্ছবি, চোখের জল ও ধন্যবাদ জ্ঞাপনের শব্দে পুরো অনুষ্ঠানটি আবেগময় হয়ে ওঠে।

উত্তীর্ণ প্রার্থী মেহেদী হাসান জীবন বলেন, তৃতীয়বারের চেষ্টায় আমি সফল হয়েছি। মাত্র ১২০ টাকা খরচ করে চাকরি পেয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন যেন পুলিশের মর্যাদা রক্ষা করতে পারি।

কানিজ সুবর্ণা কেয়া বলেন, কোনো টাকা-পয়সা বা ঘুস ছাড়াই আমার চাকরি হয়েছে। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

ভাওয়াল মির্জাপুরের জুতা সেলাইয়ের শ্রমিকের ছেলে তাপস রবি দাস বলেন, আমার স্বপ্ন ছিল পুলিশের চাকরি করা। আজ আমার এবং বাবার স্বপ্ন পূরণ হয়েছে। মাত্র ১২০ টাকার বিনিময়ে নিজের যোগ্যতা ও মেধা দিয়ে চাকরি পেয়েছি। আমি সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করছি এবং নিয়োগ প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করায় পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞ।

কাপাসিয়ার সামিয়া বলেন, আমার মা মারা যাওয়ার পর দুই বোনকে দত্তক দেওয়া হয়। আমি নানা-নানির কাছে বড় হয়েছি। মাকে মারার অপরাধে আমার বাবার জেল হয়েছিল। জেল থেকে বের হয়ে তিনি দ্বিতীয় বিয়ে করে আমাদের ছেড়ে চলে যান। শৈশবের কষ্টের পরও আমি আজ চাকরিতে সফল হয়েছি।

জেলা পুলিশ সুপার ও সভাপতি টিআরসি নিয়োগ কমিটি জুন-২০২৫ ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, আমাদের দায়িত্ব ছিল এই নিয়োগ সুষ্ঠুভাবে সম্পন্ন করা। মহান আল্লাহর কৃপায় আমরা সফল হয়েছি। প্রাথমিকভাবে ৪৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মেডিকেল টেস্টে উত্তীর্ণ হলে চূড়ান্ত নিয়োগপত্র পাবেন, আর ওয়েটিং লিস্ট থেকে প্রার্থীদের নেওয়া হবে। কোনো তদবির বা প্রভাব আমাদের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেনি।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, যোগ্যতা ও দক্ষতা বজায় রেখে সম্পন্ন হওয়ায় জেলা পুলিশ আরও শক্তিশালী ও উদ্যমী হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ