১৫ দিনে ২৪ হাজার বিরোধী নেতাকর্মী গ্রেফতার : ডা. জাফরুল্লাহ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২ ৬:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২ ৬:২৪ অপরাহ্ণ

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও ভাসানী অনুসারী পরিষদের প্রধান উপদেষ্টা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজকে দেশে কোথায় গণতন্ত্র নেই। ১৫ দিনে ২৪ হাজার বিরোধী নেতাকর্মী গ্রেফতার হলো। এটি একটি ফ্যাসিবাদী নমুনা।
আজ শুক্রবার বিকেলে প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে দুই শতাধিক নেতাকর্মী ডা. জাফরুল্লাহ’র কাছে ফুলের তোড়া দিয়ে ভাসানী অনুসারী পরিষদে যোগদান করেন।
জাফরুল্লাহ বলেন, আজকে অনেক আওয়ামী লীগার বঙ্গবন্ধুর আত্মজীবনীর কথা বলেন এবং বইটি বিলিও করেন। কিন্তু বইতে বঙ্গবন্ধুর যে আদর্শ লিপিবদ্ধ আছে তা আওয়ামী লীগের নেতারা বাস্তবায়ন করেন? তারই কন্যা আজ আইনকে নির্বোধ বানিয়ে অপব্যবহার করছেন।
তিনি বলেন, হাজী সেলিমের ১০ বছরের কারাদন্ডাদেশ থাকলেও তাকে জামিন দেওয়া হয়। কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী বয়োজ্যেষ্ঠ বেগম খালেদা জিয়ার জামিন হয় না। হাইকোর্টের বিচারপতিগণও আজ মেরুদণ্ডহীন হয়ে পড়েছে। আজকে সবাই সম্মিলিতভাবে অগ্রসর হতে না পারলেএ বৈষম্য থেকে মুক্তি সম্ভব নয়।
স্বাস্থ্য ও পররাষ্ট্রনীতিতে সরকার সবচেয়ে বেশি ব্যর্থতার পরিচয় দিয়েছে উল্লেখ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, মানুষ আজ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। যাদের অর্থ আছে তারাই চিকিৎসা করতে পারছেন। ঔষধের দাম আকাশচুম্বী, সেদিকে সরকারের নজর নেই। রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেই।
শেখ রফিকুল ইসলাম বাবলু তার বক্তব্যে বলেন, আজ ১৫ বছর এ সরকার জাতিকে শাসনের পরিবর্তে শোষণ করছে। দেশের টাকা বাইরে পাচার করছে। মানুষের আজ কোনো অধিকার নেই। দ্রব্যমূল্য আকাশচুম্বী। মানুষ আওয়ামী লীগকে আর রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না। তাই দেশের সকল বিরোধী রাজনৈতিক শক্তি এক হচ্ছে। জনগণকে সাথে নিয়েই এবার আমরা দেশকে ফ্যাসিবাদী সরকার থেকে রক্ষা করবো ইনশাআল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। এসময় আরো বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামানা, আবু ইউসুফ সেলিম, সাম্যবাদী দল থেকে যোগদান করা বাবুল বিশ্বাস, সমাজসেবক জামিল আহমেদ, এনডিএম’র আরিফুর রহমান, হাবিবুর রহমান, পিপলস গ্রিণপার্টির রাজু আহমদ খান প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ