১৬ মাস বয়সী কন্যাশিশুকে হত্যার পর মায়ের আত্মহনন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, অক্টোবর ২৯, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, অক্টোবর ২৯, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ

ফটিকছড়ি( চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়িতে ১৬ মাস বয়সী কন্যাশিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার পর আফরোজা আফরিন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের বিবিরহাট বাজারস্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশে কামাল ভবনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে ফটিকছড়ি থানা পুলিশ গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, ভবনের মালিক কামাল উদ্দিনের ছেলে এনজিওকর্মী আনোয়ার হোসেন বিপলুর স্ত্রী আফরোজা আফরিন শিশুকন্যা আতকিয়া আয়েশা ও শ্বশুর কামাল উদ্দিনকে নিয়ে উপজেলা সদরের নিজেদের বাসার নিচতলায় বসবাস করে আসছেন।
তবে স্বামী আনোয়ার হোসেন বিপলু চাকরির সুবাদে বাঁশখালীতে থাকেন।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আফরোজা আফরিন নিজের শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে একমাত্র শিশুকন্যাকে বালিশচাপা দিয়ে হত্যা করে, পরে নিজেও সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তার শ্বশুর দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পাশের জানলা দিয়ে ঘটনা দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ দেখতে পান এবং মৃত অবস্থায় বিছানায় শিশু কন্যার দেহ পাওয়া যায়।
ওসি আরো বলেন, ওই গৃহবধূর শ্বশুরপক্ষের লোকজন দাবি করছেন, গৃহবধূ মানসিকভাবে অসুস্থ ছিল। তার পরও পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত করছে।
জনতার আওয়াজ/আ আ