১ ঘন্টায় ঢাকায় কয়েক লক্ষ জমায়েত করতে পারবো: মির্জা আব্বাস - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

১ ঘন্টায় ঢাকায় কয়েক লক্ষ জমায়েত করতে পারবো: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
১ ঘন্টার মধ্যে বিএনপি ঢাকায় কয়েক লক্ষ লোক জমায়েত করতে পারবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মহাসমাবেশের মতো বড় কর্মসূচি আজকে অনুমতি পেলেন প্রস্তুতির ঘাটতি থাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা বিএনপি। শহীদ জিয়ার হাতে গড়া দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল এবং তারেক রহমানের দল আমরা এক ঘন্টার মধ্যে ঢাকায় কয়েক লক্ষ লোক জমায়েত করতে পারবো।’

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের মানুষের জান-মাল, বিষয়-সম্পত্তি আজ চরমভাবে বিপন্ন। নারী, বৃদ্ধ, শিশুসহ কোন বয়সের মানুষই নিরাপদ নয়। দেশের মানুষ আজ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্রের সর্বশেষ চিহ্নটি মুছে ফেলা হয়েছে কর্তৃত্ববাদী দু:শাসনের যাঁতাকলে। মধ্যম ও নিম্ন আয়ের মানুষরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পরেছে। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী তেলসহ নিত্যব্যবহার্য জিনিস মানুষের ক্রয় ক্ষমতা থেকে দূরে চলে গেছে। এক দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে আমাদের সামাজিক জীবন অস্থির হয়ে পড়েছে। এইরকম শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আজ ১৫ বছর ধরে দেশে বিরাজমান।’

বিএনপির এই শীর্ষনেতা বলেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার এক কঠিন সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন গণতন্ত্র পুণরুদ্ধারের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁকে চক্রান্তমূলক মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর চালানো হয়েছে নির্যাতন এবং চক্রান্তমূলক মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে সাজা। স্বেচ্ছাতন্ত্র, উগ্র অহংকার ও একক কর্তৃত্ব ইত্যাদী গণতন্ত্রের নীতি বিরোধী সংস্কৃতি প্রতিষ্ঠার জোর প্রচেষ্টার বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্র ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে জনাব তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে।’

আব্বাস বলেন, ‘শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় সরকার পুণ:প্রতিষ্ঠার একদফা আন্দোলনে আজ সারাজাতি ঐক্যবদ্ধ। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। বিএনপি’র প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়ার নেতৃত্বেই এ দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে আসে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই আন্দোলন-সংগ্রামের কর্মসূচিতে জনগণের অংশগ্রহণকেই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে। সুতরাং গণতন্ত্রে বিশ্বাসী দল হিসেবে বিএনপি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে এসেছে। সুতরাং বারবার বিএনপি’র কর্মসূচির উপর নৃশংস হামলা করার পরও বিএনপি শান্তিপূর্ণভাবে তার লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘কয়েকমাস ধরে বিএনপি ও সমমনা দলগুলোর ধারাবাহিক কর্মসূচিতে সরকারের পক্ষ থেকে হামলা হলেও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে কখনোই সহিংস সন্ত্রাসের পথে পা বাড়ায়নি বরং সরকারের পক্ষ থেকেই গুলি ও সশস্ত্র অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আমাদের নেতাকর্মীকে খুন, জখম ও পঙ্গু করা হয়েছে। বিএনপি’র সমাবেশ, পদযাত্রা, তারুণ্যের সমাবেশ ইত্যাদী নানা কর্মসূচিতে সরকারি দল বা আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হামলা হলেও এর প্রতিবাদ জানাতে বিএনপি তার নিয়মতান্ত্রিক শান্তিপুর্ণ কর্মসূচি থেকে সরে আসেনি এবং কোন উস্কানিতে পা দেয়নি। বন্ধুরা, আজ ২৭ জুলাই মহাসমাবেশের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আজ কর্ম দিবসের অজুহাত তোলা হয়। কিন্তু আমরা দেখেছি আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো যেকোন দিবসেই, সেটি কর্মদিবসই হোক অথবা বন্ধের দিনই হোক, তা পালন করতে বাধা দেওয়া হয় না। তারপরেও সকলদিক বিবেচনা করে দলের পক্ষ থেকে আজকে ২৭জুলাইয়ের কর্মসূচি পরিবর্তন করে আগামীকাল শুক্রবার বন্ধের দিন জুম্মার নামাজের পরে বেলা ২টায় নয়াপল্টনে অনুষ্ঠিত করার ঘোষণা দেওয়া হয়।’

তিনি বলেন, ‘আমরা মহাসমাবেশকে সাফল্যমন্ডিত করার জন্য ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। দলের নেতাকর্মীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনা সহকারে শান্তিপূর্ণ এই মহাসমাবেশে দলে দলে যোগ দেবেন। বিলম্বে হলেও আগামীকাল মহাসমাবেশে পুলিশ কর্তৃপক্ষের ইতিবাচক ভূমিকার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

ঢাকার সাবেক এই মেয়র অভিযোগ করে বলেন, ‘দলের পক্ষ থেকে বারবার শান্তিপুর্ন কর্মসূচির কথা বলে হলেও আমাদের প্রায় ৫০০ শতাধিক নেতাকর্মীকে গত দুই দিনে গ্রেফতার করা হয়েছে। আমি মনে করি সরকারের এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং নিপীড়নমূলক। আমি আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, আটককৃত সকল নেতাকর্মীদের মুক্তি দিন। আমি আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে আবার আহ্বান জানাই, আপনারা আগামীকাল নয়াপল্টনস্থ বিএনপি’র মহাসমাবেশের নিরাপত্তা বিধানে যথাযথ সহযোগিতা করবেন। আমি আশা করি সমাবেশে আসার পথে জনগণ ও বিএনপি’র নেতাকর্মীদেরকে কোন প্রকার বাধা প্রদান করা হবে না।’

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, আবুল খায়ের ভূইয়া, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ