২৭ দফা রূপরেখা বিষয়ে জনমত গঠনে জেলা সফরে যাবেন বিএনপির শীর্ষ নেতারা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৭ দফা রূপরেখা বিষয়ে জনমত গঠনে জেলা সফরে যাবেন বিএনপির শীর্ষ নেতারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২ ১১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২ ১১:৪৬ অপরাহ্ণ

 

বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ২৭ দফা রূপরেখা বিষয়ে জনমত গঠন ও প্রচারের লক্ষ্যে জেলা পর্যায়ে সফর করবেন বিএনপির শীর্ষ নেতারা। এ নিয়ে আজ শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সাংগঠনিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক সূত্র জানায়, সারা দেশে বিভাগীয় পর্যায়ে ১১ জানুয়ারি যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে সাংগঠনিক কাজের অংশ হিসেবে জেলা সফরে যাবেন সিনিয়র নেতারা। বিশেষভাবে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ২৭ দফার ব্যাপক প্রচার ও জনমত গঠন করা হবে।

আগামী ২ জানুয়ারি থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও যুগ্ম মহাসচিব পর্যায়ের নেতৃবৃন্দ জেলা সফরে যাবেন। রোববারের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতাদের তালিকা চূড়ান্ত করার কথা।

আজকে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর, আব্দুল আউয়াল মিন্টু, আলতাফ হোসেন চৌধুরী, বরকতউল্লাহ বুলু, আহমেদ আযম খান, উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, ইসমাঈল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন নবী খান সোহেল, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ।

সূত্র জানায়, ওই সাংগঠনিক সভায় সমসাময়িক রাজনৈতিক ইস্যু, ১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচির পরিকল্পনাসহ বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামত শীর্ষক ২৭ দফা রূপরেখা বাস্তবায়নের বিষয়ে প্রচার চালানো হবে মর্মে আলোচনা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ