২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা বিএনপির
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, অক্টোবর ১৮, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, অক্টোবর ১৮, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ

সরকার পতনের এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। বুধবার (১৮ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। এরপর সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা থেমে থাকব না।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনার এখান থেকে চলে গিয়ে বসে থাকবেন না। আপনারা ঘরে ঘরে গিয়ে মানুষকে বার্তা দেন যে মানুষ জেগে উঠেছে। এই জাগরণের মধ্যে দিয়ে এই সরকারের পতন হবে। জনসমাবেশের ঘোষণা থেকে সরকার জেনে রাখুন আপনারা আর নেই। বিএনপি ক্ষমতায় যাক এটা আমরা চাই না। আমরা চাই জনগণের অধিকার ভোট দিয়ে প্রয়োগ করে তার প্রতিনিধি নির্বাচিত করুক।

মির্জা ফখরুল বলেন, অনেক বাধা আসবে। সমস্ত বাধা অতিক্রম করে মহাসমাবেশকে সফল করে আমাদের জনগণের অধিকার আদায় করার লক্ষ্য অর্জন করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব। শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েই আমরা অশান্তি সৃষ্টিকারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবো।
সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ জনসমাবেশ করে বিএনপি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টনের আশপাশের এলাকা ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়, বিজয়নগর, কাকরাইলের দিকেও নেতাকর্মীরা ছড়িয়ে পড়েন। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে ভিআইপি সড়কের যান চলাচল সীমিত হয়ে যায়। এতে আশপাশের সড়কেও তীব্র যানজট সৃষ্টি হয়। তবে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

জনসমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় দলটির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জনতার আওয়াজ/আ আ