২৮ তারিখে প্রমাণিত হবে আ'লীগের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে: মঈন খান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৪, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

২৮ তারিখে প্রমাণিত হবে আ’লীগের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০২৩ ১০:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০২৩ ১০:১০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আগামী ২৮ তারিখে প্রমাণিত হবে বাংলাদেশের কোটি কোটি মানুষ আওয়ামী লীগের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বিএনপির এক দফা দাবি আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘আগামী ২৮ তারিখে আমাদের যে মহাসমাবেশ রয়েছে সেই মহাসমাবেশকে আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সফল করব। আমরা সরকারের উপর অনাস্থা এনেছি সেই অনাস্থা ২৮ তারিখে আমরা পুনরায় নিশ্চিত করব। এবং এটা প্রমাণিত হবে বাংলাদেশের কোটি কোটি মানুষ আওয়ামী লীগের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। তাদের (আওয়ামী লীগ) বুঝতে হবে আমরা যে শান্তিপূর্ণ আন্দোলন করেছি তার মাধ্যমে ইতিমধ্যেই তাদের নৈতিক পরাজয় হয়ে গিয়েছে। তারা তাদের শক্তির (অস্ত্র) বলে তাদের ক্ষমতা আঁকড়ে রেখেছে। কিন্তু তাদের সেই সহিংশক্তি আমাদের সেই অহিংসার শক্তি দিয়ে আমরা দূর করব। এ দেশের মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিব ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দিব।

তিনি বলেন, ‘সরকারের কাছে বলবো আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। মনে রাখতে হবে সরকারের হাতে সব ধরনের অস্ত্র রয়েছে। কিন্তু আমাদের বিরোধীদলের কাছে একটি অস্ত্রই রয়েছে, সেটি হচ্ছে জনগণ। সেই জনগণের অস্ত্র দিয়েই আমরা এই স্বৈরাচার সরকারের অন্যায়কে প্রতিহত করব। বাংলাদেশের মানুষ খুব অদ্ভুত মানুষ। তাদের যদি একহাতে খাবার আর অন্য হাতে ভোটের অধিকার দেওয়া হয় আর যদি বলা হয় একটি বেছে নিতে তখন কিন্তু তারা ভোটের অধিকারকে বেছে নেবে তারা বলবে পাঁচ বছর পরে আমাদের যে ভোটের অধিকার সেটি আমরা বাদ দিতে পারব না। কারণ বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী মানুষ। মুঘল সাম্রাজ্য পরাক্রমশালী কিন্তু তার বশ্যতাও বাংলাদেশ স্বীকার করেনি। কাজেই আজকের বাংলাদেশ আওয়ামী লীগের বশ্যতা স্বীকার করতে পারে না।

তিনি আরো বলেন, ‘আমরা শান্তিপূর্ণ যে কর্মসূচি দিয়েছি তাতে কিন্তু সরকারের ঘুম হারাম হয়ে গিয়েছে। বিএনপি কিন্তু বলে নাই কোনো অশান্তি করবে কিংবা এমন কিছু করবে যাতে শান্তি-শৃঙ্খলা নষ্ট হয়। তারপরও সরকার অস্থির হয়ে গিয়েছে। তারা বলেছে বিএনপিকে নাকি ১০ ডিসেম্বরের মতো গরুর হাটের নিয়ে মিটিং করানো হবে। এটা কোনো কথা হতে পারে? সে কারণেই বলছি সরকার কিন্তু ভয় পেয়ে গিয়েছে। আজকে সরকারের এই যে হুমকি-ধমকি সবকিছু কিন্তু ভয় থেকেই করছে।’

তিনি বলেন, ‘আমরা চাই এ দেশের মানুষের ভোটের অধিকার এ দেশের মানুষকে ফিরিয়ে দেয়া হোক। সরকার যত শীঘ্রই গণতন্ত্রের মূলনীতি উপলব্ধি করতে পারবে আমি বিশ্বাস করি তত দ্রুতই সরকারের জন্য মঙ্গলজনক হবে।’

ড. মঈন খান বলেন, ‘সরকার তো দাবি করে তারা উন্নয়নের জোয়ারে দেশকে ভাসিয়ে দিয়েছে। তাহলে তো দেশের কোটি কোটি মানুষ চোখ বন্ধ করে আওয়ামী লীগকে ভোট দিবে। তাহলে তারা কেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পাচ্ছে? কারণ তারা জানে তারা মুখে যেটা বলছে বাংলাদেশের বাস্তবতা হচ্ছে ভিন্ন। দুর্নীতির নামে তারা যেটা করেছে সেটা হচ্ছে মানুষের উপর জুলুম, অত্যাচার, চুরি, লুটপাট। তো বাংলাদেশের মানুষ যেটা জানে সেটা কিন্তু আওয়ামী লীগও জানে। কাজেই তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়। তারপরও আমি তাদের অনুরোধ করবো আপনারা গণতন্ত্রের উপর আস্থা রাখুন, মানুষের বিশ্বাসের উপর আস্থা রাখুন।’

তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই এ দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনব। এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। আমরা যে জন্য সংগ্রাম করছি তার নাম হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রে কোনো অশান্তি কোনো সংঘাতের স্থান নেই।’

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির প্রান্তিক বিষয়ক সম্পাদক অপর্না রায়, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ