৩০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির গণমিছিল ১৩ টি ভাগে হবে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ

আগামীকাল ৩০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির গণমিছিল ১৩ টি ভাগে হবে। মূল মিছিল শুরু হবে দুপুর আড়াইটায় কাকরাইলের নাইটিংগেল মোড় থেকে। ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ থাকবে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে শুধু বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এরপর গণমিছিলের সম্মুখে থাকবে জাতীয়তাবাদী মহিলা দল। তারপরে জাতীয়তাবাদী ছাত্রদল। এভাবে একে একে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, মৎস্যজীবী দল, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, জাসাস এবং পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।
জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ১৩ টি ভাগে মিছিলে সব অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মন্ডলীর সদস্য, যুগ্ম মহাসচিব, সম্পাদক মন্ডলী সদস্য সংশ্লিষ্ট স্পটে দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।
জনতার আওয়াজ/আ আ