৩ শিশুকে চুল কেটে আ’লী নেতার নির্যাতন একজনের বাবার মামলায় গ্রেপ্তার-৪ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৩ শিশুকে চুল কেটে আ’লী নেতার নির্যাতন একজনের বাবার মামলায় গ্রেপ্তার-৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কথিত চুরির অপবাদ দিয়ে ৩ শিশুকে মারধর এবং মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারী) সকালে নির্যাতনের শিকার শিশু তাউসিফের বাবা রমজান বাদি হয়ে আ’লীগ নেতা গোপালদী পৌরসভার মেয়র আবদুল হালিম শিকদার ও তার ৪ সহযোগি নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন।
এদিকে মামলা দায়েরের পরেই পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ৩ জনসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, মেয়র হালিম শিকদারের সহযোগি ফারুক ও মান্নান এবং চুল কেটে দেওয়া ২ নরসুন্দর উৎপল শীল ও দ্বীপক শীল। গ্রেপ্তারকৃতদের মধ্যে ফারুক ৩ শিশুকে মারধর করে এবং মান্নান দড়ি দিয়ে হাত বাধে। উৎপল ও দ্বীপক শিশুদের মাথার চুল কেটে দেয়।
ওদিকে মঙ্গলবার জেলা প্রশাসনের তাৎক্ষণিক নির্দেশে স্থানীয় সরকার শাখার উপ সচিব আনোয়ার হোসাইন ঘটনার তদন্ত করতে আড়াইহাজার যান। সেখানে তিনি ঘটনার জন্য অভিযুক্ত মেয়র, ঘটনার শিকার শিশুদের পরিবার, ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল গুলো সরেজমিনের পরিদর্শন করেন।
মামলায় শিশু তাউসিফের বাবা রমজান উল্লেখ্য করেন, সোমবার সকাল সোয়া ৮টার দিকে তিনি লোকমুখে শুনতে পান যে গোপালদী পৌরসভার মেয়র হালিম শিকদারের পাওয়ারলুম মেশিনের যন্ত্রাংশ চুরির সময় আমার ছেলে তাউসিফসহ আরও ২ শিশু বায়োজিদ ও সিয়ামকে রামচন্দ্রদী বাজারে দ্বীপকের সেলুনে আটকে নির্যাতন করছে। খবর পেয়ে আমি ও অপর ২ শিশুর অভিভাবকরা ঘটনাস্থল দ্বীপকের সেলুনে গিয়ে দেখতে পাই ৩শিশুরই মাথার চুল এবড়ো খেবড়ো করে কাটা এবং তিন জনের হাত রশি দিয়ে বাধা। তাদের মারধর করা হয়েছে। বাজারের অন্যদের সহায়তায় ৩ শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। ঘটনার আকস্মিকতায় ৩ শিশুই মানসিক ভাবে আতংকিত হয়ে যায়। মাথার চুল এবড়ো খেবড়ো ভাবে কেটে দেওয়ায় তাদের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় ৩ জনেরই মাথা ন্যাড়া করে দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে ঘটনার প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলেছেন, মিলের সামনে পড়ে থাকা নাট বল্ট কুড়িয়ে শিশুগুলো খেলছিল। এ নিয়ে যা ঘটেছে তা মাত্রাতিরিক্ত। বয়স বিবেচনায় এদের অভিভাবকদের ডেকে এনে তাদের হাতে বুঝিয়ে দিলেই হতো। কিন্তু মেয়র যা করেছেন সেটি কোন ভাবেই ঠিক হয়নি। তাছাড়া খবর পেয়ে শিশু গুলোর অভিভাবকরা বাজারে এসেছিলেন। কিন্তু তার আগেই শিশু গুলোর মাথার চুল কেটে দেওয়া হয়েছে, হাত বেঁধে মারধর করা হয়েছে। আবার ঘটনার প্রতিবাদ করায় শিশুদের অভিভাবকদেরকেও লাঞ্ছিত করে মেয়রের লোকজন।
মঙ্গলবার বিকেলে ঘটনার তদন্তকারী স্থানীয় সরকার বিভাগের উপ সচিব আনোয়ার হোসাইন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে মেয়রসহ সব পক্ষের সঙ্গে কথা বলেছি। সেখানে কিছু একটা হয়েছিল সেটা পরিষ্কার। একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্যত্যক্ষদর্শী, ঘটনার শিকার শিশু, তাদের অভিভাবক, বাজারের লোকজনের কথার মধ্যে কিছুটা গড়মিল রয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। আমি তাদের সঙ্গেও কথা বলেছি। তদন্ত শেষে এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হবে।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারনামীয় ৩ জনসহ মোট ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ