৪৩৮২ স্বাস্থ্যকর্মীর ভাগ্য অনিশ্চিত, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৪৩৮২ স্বাস্থ্যকর্মীর ভাগ্য অনিশ্চিত, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের (ইউপিএইচসিএসডিপি) আওতায় নির্মিত ১৯২টি স্বাস্থ্যকেন্দ্র স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হওয়ায় প্রকল্পের ৪ হাজার ৩৮২ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরি নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা এবং দক্ষ জনবলের চাকরি বহাল রাখতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন প্রকল্পের কর্মকর্তা মো. তানভীর হোসেন, শিরিন আক্তার ও জওসের মোল্যা।

তারা জানান, প্রকল্পের পিএমইউতে ৩১ জন, পিআইইউতে ৪১ জন, প্রকল্প এলাকায় ৪ হাজার ৩১০ জনসহ সর্বমোট ৪ হাজার ৩৮২ জন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারী বর্তমানে কর্মরত রয়েছেন। স্বাস্থ্যকেন্দ্রগুলো হস্তান্তরের সিদ্ধান্তে এই বিশাল জনবলের কর্মসংস্থান এবং ভবিষ্যৎ নিয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় জনমনে বিভ্রান্তি ও ভীতি তৈরি হয়েছে।

১৯৯৮ সাল থেকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও অন্য উন্নয়ন সহযোগীদের সহায়তায় এই প্রকল্প নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে প্রকল্পের আওতায় ৩০টি নগর মাতৃসদন কেন্দ্র এবং ১৬২টি নগর স্বাস্থ্যকেন্দ্র (PHCC) রয়েছে।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন ও পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী, নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের দায়িত্ব সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ওপর ন্যস্ত। এই দায়িত্ব পালনে স্থানীয় সরকার বিভাগের পরিচালন বাজেটে ইতোমধ্যে বিশেষ বরাদ্দও দেওয়া হচ্ছে। বর্তমানে এশীয় উন্নয়ন ব্যাংক প্রকল্পের পঞ্চম পর্যায়ে অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে, যা এই কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে।

দেশে ১২টি সিটি করপোরেশন এবং ৩৩১টি পৌরসভা থাকলেও বর্তমানে মাত্র ১১টি সিটি করপোরেশন ও ১৮টি পৌরসভায় এই প্রকল্পের সেবা সীমাবদ্ধ রয়েছে। ১ কোটি ৭০ লাখ মানুষ এই প্রকল্পের আওতায় স্বাস্থ্যসেবা পাচ্ছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ