৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশে আন্দোলন নবতর পর্যায়ে উপনীত হবে : প্রিন্স - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশে আন্দোলন নবতর পর্যায়ে উপনীত হবে : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ

 

আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বিভাগীয় সমাবেশ সফল করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যের দাম কমানো এবং দমন-নিপীড়ন বন্ধসহ ১০ দফা দাবিতে বিভাগীয় সমাবেশের মাধ্যমে চলমান গণআন্দোলন নবতর পর্যায়ে উপনীত হবে।

তিনি বলেন, ‘গণআন্দোলনে জনতার ঢেউ আছে বলেই আন্দোলন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব প্রতিনিয়ত মিথ্যাচার ও বিভ্রান্তিকর কথা বলছেন। আন্দোলনে জনজোয়ারে ভীত হয়ে সরকারের মন্ত্রী-নেতাদের হৃদকম্পন শুরু হয়ে গেছে। এজন্য তারা বেসামাল আচরণ করছে।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহে দলীয় কার্যালয়ে ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করতে বিভাগের ৭ জেলা, মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথ প্রস্তুতি সভায় এসব কথা বলেন প্রিন্স।

সভায় আগামী ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশ সফল করতে ময়মনসিংহ বিভাগের সকল মহানগর, জেলায় প্রস্তুতি সভা; উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, প্রস্তুতি সভা, হাট সভা, পথসভা, মিছিলের কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় উক্ত কর্মসূচি সফল করে ১০ দফা দাবি আদায়সহ জনজীবনে বিরাজমান দুর্ভোগের বিরুদ্ধে আন্দোলন সফল করতে জেলা, মহানগর , উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘যারা ব্যর্থ তারাই অন্যকে নিজেদের মতো ভাবেন। গণতন্ত্রের বারোটা বাজিয়ে আওয়ামী নেতারা তাদের মতো গণতন্ত্র চালাতে চান। কিন্তু বাংলাদেশে আওয়ামী মার্কা গণতন্ত্র চলবে না।’

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন। আরও বক্তব্য রাখেন-বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন বাচ্চু প্রমুখ নেতৃবৃন্দ।

পরে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর বিভিন্ন স্থানে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে নেতাকর্মীরা লিফলেট বিলি করেন। পরে ময়মনসিংহ প্রেসক্লাব চত্বরে পথসভায় এমরান সালেহ প্রিন্স ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহে সমাবেশে জনসাধারণকে যোগ দিয়ে বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কামানোসহ ১০ দফা দাবির আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অ্যাড. এম এ হান্নান খানসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ