৪ ফেব্রুয়ারি রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৪ ফেব্রুয়ারি রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২৫, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২৫, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ

 

গ্যাস, তেল, বিদুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে ৪ ফেব্রুয়ারি রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে গণতন্ত্র মঞ্চের আয়োজিত সমাবেশ শেষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই ঘোষণা দেন।

সভাপতির বক্তব্যে মান্না বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বাঘে ধান খাওয়ার মতো স্বীকার করেছেন, র‍্যাব মানুষ মেরেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথাবার্তা বলেছি, অবস্থা ঠিকঠাক হয়ে গেছে। এখন থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে। অথচ যুক্তরাষ্ট্রের দূতাবাস বিবৃতি দিয়েছে, এমন কোনো কথা তাদের সাথে হয়নি।

তিনি বলেন, এই সরকার এখন ভিক্ষা করার জন্য একবার আইএমএফের কাছে যায়, একবার ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যায়, একবার এডিবির কাছে যায়। অন্যের কাছে ভিক্ষা করা ছাড়া এই সরকারের এখন বাঁচার কোনো উপায় নেই।

তিনি আরও বলেন, একটা কর্মসূচির পর আরেক কর্মসূচি আসে। আমরা আসি যাই আবার আসি। কিন্তু প্রত্যেকটি কর্মসূচিই একটির চেয়ে আরেকটি আরও শক্তিশালী আরও সাহস সঞ্চার করে। আগামীতে আমরা আবারও রাস্তায় আসবো আরও শক্তি সঞ্চার করে।

এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মাত্র তিন মিনিটে আজকের এই দিনে জাতীয় সংসদে বাকশাল গঠনের আইন প্রণয়ন করা হয়েছিল। কোনো আলোচনার সুযোগ দেয়া হয়নি। সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে মাত্র তিনটি দলকে সুযোগ দেয়া হয়েছিল। চারটা সংবাদপত্র ছাড়া সকল গণমাধ্যমকে নিষিদ্ধ করা হয়েছিল। ১৯৭৫ সালের এই দিনে বাকশাল গঠনের মাধ্যমে আওয়ামী লীগের প্রথম রাজনৈতিক পরাজয় ঘটে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দিনের ভোট রাতে করার মধ্য দিয়ে আওয়ামী লীগের দ্বিতীয় রাজনৈতিক মৃত্যু ঘটে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দল থেকে তারা আজকে জঙ্গিবাদী মতাদর্শের দ্বারা পরিচালিত। জঙ্গিরা যেমন মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে না, মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে না, মানুষের বাক-স্বাধীনতায় বিশ্বাস করে না, তেমনি আওয়ামী লীগ দমন করে রোধ করে একটা অনিশ্চয়তার দিকে দেশকে ঠেলে দিয়েছে। এভাবে আওয়ামী লীগ চার বছর ধরে তার তৃতীয় রাজনৈতিক মৃত্যুর জমিন তৈরি করেছে।

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, নব্বইয়ের দশক থেকে বিভিন্ন দেশে কর্তৃত্ববাদের চর্চা করা হয়েছে। যেখানে নির্বাচন মোড়ক আকারে থাকবে। নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রার্থী বাছাই হবে এমন কি টেলিভিশনে তা নিয়ে ডিবেট হবে। কিন্তু ভোটের দিন মানুষ নির্ধারণ করবে না যে কে নির্বাচিত হবে। বরং যারা ক্ষমতায় আছেন তারা নির্ধারণ করবে যে কারা ক্ষমতা পাবে৷ যা আওয়ামী লীগ ১৮ সালে করেছে এবং এখন বাজারে কথা শুনতে পাই যে, তারা বলেছে আসেন আপনারা আমরা সিট ভাগাভাগি করি। এটা হচ্ছে কর্তৃত্ববাদের মডেল।

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, যারা দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে জীবন দিয়েছেন তারাও এরকম একটা রাষ্ট্র দেখতে চায়নি। আজকে মুক্তিযুদ্ধের কথা বলে আওয়ামী লীগ যে প্রীতি নিতে চাচ্ছে সেটা তারা নিজেরাই ধ্বংস করছে। আওয়ামী লীগের হাত থেকে আমাদের দেশ ও দেশের মুক্তি ছিনিয়ে আনতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ