৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ২৭৪টি: প্রেস উইং
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সারা দেশে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত ৫৩ দিনে মোট ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, গত ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাত ৯টা পর্যন্ত এই সহিংস ঘটনাগুলো সংঘটিত হয়েছে।
প্রেস উইংয়ের দেওয়া নির্বাচনসংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, এসব ঘটনার মধ্যে ভীতি প্রদর্শন বা আক্রমণাত্মক আচরণের ঘটনা রয়েছে ১৬টি। প্রার্থীদের ওপর সরাসরি হামলার ঘটনা ঘটেছে ১৫টি এবং এই সময়ের মধ্যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ৫টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ছিল ৮৯টি।
এ ছাড়া নির্বাচনী সহিংসতার অংশ হিসেবে অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে ৩টি। হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে ৯টি ঘটনায়। প্রচারকার্যে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ২৯টি। নির্বাচনসংশ্লিষ্ট অফিস বা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত হয়েছে ২০টি। পাশাপাশি অবরোধ ও বিক্ষোভের ঘটনা রয়েছে ১৭টি। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে ১টি। এ ছাড়া অন্যান্য ধরনের সহিংসতার ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে ৭০টি।
প্রেস উইং আরও জানায়, আগের জাতীয় সংসদ নির্বাচনগুলোর সঙ্গে তুলনা করলে সহিংসতার চিত্র ভিন্নভাবে উঠে আসে। দশম জাতীয় সংসদ নির্বাচনে ২০১৩ সালের ২২ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত সময়ে মোট ৫৩০টি সহিংসতার ঘটনা ঘটে। ওই সব ঘটনায় নিহত হন ১১৫ জন এবং আহত হন ৩১৫ জন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ২০১৮ সালের ১০ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ২ জানুয়ারি পর্যন্ত ৪১৪টি সহিংসতার ঘটনায় প্রাণ হারান ২২ জন এবং আহত হন ৭৮০ জন।
এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২০২৩ সালের ২১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত সময়ে ৫৩৪টি সহিংসতার ঘটনা ঘটে। ওইসব ঘটনায় নিহত হন ৬ জন এবং আহত হন ৪৬০ জন।
প্রেস উইংয়ের প্রকাশিত এসব তথ্য থেকে বিভিন্ন জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক সহিংসতার তুলনামূলক চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে।
জনতার আওয়াজ/আ আ