৬ রোগের টিকার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ, আসছে শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ৩০, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ৩০, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
হামসহ ৬টি রোগের টিকা কিনতে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফকে ৬০৪ কোটি টাকা দেওয়া হয়েছে এবং এপ্রিলের প্রথম সপ্তাহে টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হামসহ ৬ রোগের টিকা কিনতে ৬০৪ কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে, চেষ্টা চলছে দ্রুত আনার জন্য। এরই মধ্যে ইউনিসেফকে টিকা আনতে টাকা দেওয়া হয়েছে। আশা করছি, এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে টিকা চলে আসবে।’
তিনি বলেন, ‘টিকা এলে ভ্যাকসিন কর্মসূচি বাড়ানো হবে। আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘হামের সংক্রমণ হঠাৎ বাড়লেও সরকার তাৎক্ষণিকভাবে কার্যকর পদক্ষেপ নিয়েছে। জরুরি ভিত্তিতে আইসিইউ চালু, ভেন্টিলেটর সরবরাহ এবং বিশেষায়িত ওয়ার্ড প্রস্তুতের কাজ চলছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড, আইসোলেশন সুবিধা এবং ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে।’
২০১৮ সালের পর দেশে হামের বিষয়ে কোনো ক্যাম্পেইন করা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘তাই সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।’
সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘যেসব শিশু টিকা পায়নি, তাদের মধ্যেই হামের প্রকোপ বেশি। তাই দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে।’
বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে সংক্রমণ রোগ, নার্সিং সেবা উন্নীতকরণ, আইসিইউ সেবাসহ বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় ৫ সদস্যের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরির সিদ্ধান্ত হয়েছে। আগামী মে মাসের মধ্যে এর রূপরেখা তৈরি করা হবে।’
জনতার আওয়াজ/আ আ