৭ জানুয়ারি গনকারফিউ দেয়া হোক: ফারুক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ৪, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ৪, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
জনগণ প্রত্যাশা করছে আগামী ৭ জানুয়ারি একদলীয় ডামি নির্বাচন বর্জনের দাবিতে গনকারফিউ কর্মসূচি দেয়া হোক বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন, ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধান রক্ষার্থে যে নির্বাচন করেছিল সেই সময় আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন, ১৫ই ফেব্রুয়ারি গনকারফিউ কর্মসূচি পালন করা হবে।
আজকে বিএনপির মত বড় দলকে বাহিরে রেখে যে একতরফা ডামি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে জনগণ প্রত্যাশা করে আগামী ৭ জানুয়ারিও গনকারফিউ কর্মসূচি দেয়া হোক।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে ডামি নির্বাচন বর্জনের দাবিতে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ৭ জানুয়ারি নির্বাচনকে জনগণ আগে বলা শুরু করেছিল ভাই আর ডামি। এখন বলা শুরু করেছে ৪ পুত্রের নির্বাচন নৌকা ট্রাক, ঈগল আর পালক পুত্রের লাঙ্গল।
তাই আমরা মনে করি, দেশে গণতন্ত্র ফেরানোর জন্য এবং মানবাধিকার ফেরানোর জন্য বিএনপি যে আন্দোলনে আছে, এই আন্দোলন ইনশাল্লাহ চলবে। সরকার বাধ্য হবে একদলীয় ডামি নির্বাচন বাতিল করতে।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। কঠোর আন্দোলনের বিষয়ে বিএনপি নিশ্চয়ই চিন্তা করবে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক সোহেল রানা, কৃষকদলের কেন্দ্রীয় নেতা শাহজাহান মিয়া সম্রাট, তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, মৎসজীবি দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী, মহিলা দলের নেত্রী ফারজানা কাকন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ