৭ দফা বাস্তবায়িত না হলে ছাত্র সমাজ কোনো নির্বাচন মেনে নেবে না - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৭ দফা বাস্তবায়িত না হলে ছাত্র সমাজ কোনো নির্বাচন মেনে নেবে না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সাত দফা বাস্তবায়িত না হলে ছাত্র সমাজ কোনো নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

তিনি বলেছেন, ‘বিগত ১৭ বছরের প্রতিটি হত্যার বিচার, রাষ্ট্রের প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণের এই সাত দফা দাবি বাস্তবায়ন করতে হবে। নয়তো ছাত্র সমাজের দাবি আদায়ে প্রয়োজনে আবারো রাজপথে নামতে হবে।’

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ঢাকা-৪ সংসদীয় এলাকার ইসলামী ছাত্র শিবিরের সদস্য ও সাথীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেলাওয়ার হোসেন বলেন, ‘ছাত্র সমাজ রাস্তায় নামলে দাবি আদায় করে ছাড়বে। বিজয় নিশ্চিত না করে ছাত্র সমাজ কখনো রাজপথ ছাড়েনি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৯০ সালের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন এবং সর্বশেষ ২০২৪ সালে ফ্যাসিস্ট খুনি হাসিনাবিরোধী আন্দোলন ছাত্র সমাজের নেতৃত্বে হয়েছে এবং ছাত্র সমাজ বিজয়ী হয়েছে। ছাত্র-জনতার রক্তে অর্জিত নতুন বাংলাদেশে গঠিত অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বুঝে সাত দফা দাবি মেনে নিবেন বলে তিনি প্রত্যাশা করেন।

আসন্ন ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের সভাপতিত্বে তামীরুল মিল্লাত কামিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেল এবং সেক্রেটারি দেলোয়ার হোসাইন।

এছাড়া কদমতলী মধ্য থানা আমির মো: মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন যাত্রাবাড়ী -শ্যামপুর থানা আমির অধ্যক্ষ মাওলানা যাকীর হোসাইন, কদমতলী দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, কদমতলী পূর্ব থানা আমির ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন।

এ সময় কদমতলী পশ্চিম থানা আমির মো: কবিরুল ইসলাম, শ্যামপুর দক্ষিণ থানা আমির মো: কামরুল আহসান, শ্যামপুর পশ্চিম থানা আমির মাওলানা আবদুর রব ফারুকীসহ ঢাকা-৪ সংসদীয় এলাকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দেলাওয়ার হোসেন বলেন, ‘একটি শক্তি আওয়ামী মার্কা নির্বাচনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা চায়, যেনতেন একটি নির্বাচন করে ক্ষমতার মসনদে বসতে। আবু সাঈদ, মুগ্ধের উত্তরসূরিরা বেঁচে থাকতে এদেশে আর কোনো ষড়যন্ত্রমূলক নির্বাচন হতে দেয়া হবে না। আগামী নির্বাচনে ছাত্র সমাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডরাবাজ, দখলদারদের বয়কট করবে।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ মুক্ত, বৈষম্যহীন একটি সুখী-সমৃদ্ধ, ইনসাফর্পূণ বাংলাদেশ গড়তে চায়। জামায়াতে ইসলামীর চাওয়া এবং ছাত্র সমাজের চাওয়া একই। তাই ছাত্র সমাজ জামায়াতে ইসলামীর সাথেই থাকবে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ