৮৪ আসনে এলডিপির প্রার্থী ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশের নেতা-কর্মীদের তথ্য যাচাই-বাছাই করে ৮৪ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
তিনি অভিযোগ করে বলেন, ‘ভারত সরকার শেখ হাসিনা এবং তার লুটেরা বাহিনীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরোধিতা করছে। হাসিনার বাহিনী বাংলাদেশের বন্ধু নয়। তাদের বিচার নিশ্চিত করা আমাদের কর্তব্য। ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি কখনোই বরদাশত করব না।’
কর্নেল অলি বলেন, ‘আওয়ামী বাহিনী বিভিন্ন জায়গায় সক্রিয় হচ্ছে। তাদের সহযোগিতা করছে জাতীয় পার্টি। তাদের রাজনীতি করতে দেওয়ার কোনো কারণ নেই।’
তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও চলমান রাজনৈতিক সংকট রয়েছে। দেশবাসীকে এসবের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে আওয়ামী লীগকে মোকাবিলা করা সম্ভব নয়।’
জোটের কৌশল নিয়ে অলি আহমদ জানান, তাদের দল থেকে মহাসচিবের নেতৃত্বে সাতজনের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিএনপির সঙ্গে কথা বলে ভবিষ্যতে মনোনয়ন পাওয়া বা না পাওয়ার বিষয়ে আলোচনা করবে।
এ সময় অলি আহমদ সব প্রার্থীকে নিজ নিজ এলাকায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক।’
এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এস এম মোরশেদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ