৮ দিনেও সন্ধান মেলেনি ফায়ার সার্ভিসের ৩ কর্মীর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ১২, ২০২২ ৮:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ১২, ২০২২ ৮:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের ঘটনায় ১২ জন ফায়ার সার্ভিসকর্মী নিখোঁজ হন। এর মধ্যে ৯ জনের লাশ উদ্ধার ও শনাক্ত হয়। ঘটনার আট দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তিন কর্মী নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে নিখোঁজ ৩ জনেরই মৃত্যু হয়েছে। তবে এখনো তাদের লাশ শনাক্ত করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার ব্রেকিংনিউজকে বলেন, এখনো তিনজনের খোঁজ পাওয়া যায়নি। তারা নিখোঁজ রয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকজনের বডি উদ্ধার হয়েছে, তাদের দেহাবশেষ পুড়ে বিকৃত হয়ে গেছে। পুরোপুরি হিউম্যান বডি পাওয়া যায়নি। তাদেরকে ডিএনএ টেস্ট করা ছাড়া শনাক্ত সম্ভব না। ডিএনএ টেস্ট করে দেখতে হবে যে এদের মধ্যে ফায়ার সার্ভিসের নিখোঁজ তিনজন আছে কিনা।
তিনি জানান, ফায়ার সার্ভিসের আহত দুই জনের অবস্থা গুরুরতর। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচ থেকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। আহতদের মধ্যে চার জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এখনো ৯ জন চিকিৎসাধীন রয়েছে।
নিখোঁজ তিন জন হলেন─
১. ফায়ার ফাইটার মো. রবিউল ইসলাম। রবিউল ইসলামের বাড়ি নওগাঁ জেলায়। তিনি সীতাকুণ্ড ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।
২. ফায়ার ফাইটার ফরিদুরজ্জামান। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনিও সীতাকুণ্ড ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।
৩. ফায়ার ফাইটার শফিউল ইসলাম। গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।
গত ৪ জুন রাত ৯টা পর চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নেভাতে নিকটস্থ কুমিরা ফায়ার স্টেশন ও সীতাকুণ্ড ফায়ার স্টেশন থেকে দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিভাতে শুরু করলে একে একে রাসায়নিকভর্তি কনটেইনার বিস্ফোরিত হয়। ঘটনা স্থালে থাকা ফায়ার সার্ভিসের ওই দুটি দলের ২৬ সদস্যের সবাই হতাহত হয়েছেন।
বিস্ফোরণে ঠিক কতজন নিহত হয়েছে তার সঠিক সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সিভিল সার্জন কার্যালয় থেকে মোট ৪৬ জন নিহত হয়েছে বলে জানানো হয়। এদিকে জেলা প্রশাসকের স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাসের বরাত দিয়ে জানানো হয় নিহত সংখ্যা ৪৯ জন।
জনতার আওয়াজ/আ আ