দেশে বিভাজন সৃষ্টি করেছে আ'লীগ : সালাম - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে বিভাজন সৃষ্টি করেছে আ’লীগ : সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৯, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৯, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীনতার পর থেকে এই জাতিকে বিভক্ত করে দেশে বিভাজন সৃষ্টি করেছে। আওয়ামী লীগ নিজেরা নিজেরা ছাড়া নির্বাচনে কারও সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ কখনো দেশের মানুষ ও গণতন্ত্রকে নিয়ে চিন্তা করে না। তারা শুধু নিজেদের নিয়েই চিন্তা করে, যেটা আমরা স্বাধীনতার পরেই দেখেছিলাম।

তিনি বলেন, তারা এই দেশে দুর্ভিক্ষ এনেছিল। দেশের ব্যাংকগুলো ধ্বংস করা হয়েছে। অথচ তাদেরকে আইনের আওতায় আনা হয়নি। বেগম খালেদা জিয়া দুই কোটি টাকা ট্রান্সফার করেছেন, এতেই তাকে জেলে আটক রাখা হয়েছে।

বৃহস্প‌তিবার (৯ মে) দুপুরে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র উদ্যোগে এক গোলটেবিল বৈঠকে সালাম এসব কথা বলেন।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রের প্রতিটা সেক্টর দখল করেছে, দলীয়করণ করেছে। আওয়ামী লীগ দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আর সেই সুযোগে তারা ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকতে চায়। কিন্তু দেশের জনগণ সেটা হতে দেবে না।

তিনি বলেন, আওয়ামী লীগের সাথে যারা আছেন তাদেরকে বলব- আওয়ামী লীগ থেকে অপমান ছাড়া কিছুই পাবেন না। জনগণের সরকার যদি ক্ষমতায় না থাকে, তাহলে দেশের জনগণ কোথাও সুযোগ-সুবিধা পায় না। আমাদের অধিকার আদায়ের জন্য গণঅভ্যুত্থানের বিকল্প নেই। তাই আসুন সব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে দেশের জনগণের অধিকার আদায় করি।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপ‌তি‌ত্বে এতে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অহিদুজ্জামান দিপু, ১২ দলীয় জোটভুক্ত লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুর রহমান ফুয়াদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ