প্রশাসনকে দোসরমুক্ত না করলে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় : ডা. রফিক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রশাসনকে দোসরমুক্ত না করলে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় : ডা. রফিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, পতিত স্বৈরশাসকের দোসররা দেশকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে এখনো সেই দোসররা ষড়যন্ত্রে লিপ্ত। এরা এখনো স্বপদে বসে দেশের গুরুত্বপূর্ণ তথ্য বিদেশি রাষ্ট্রের কাছে পৌঁছে দিচ্ছেন। প্রশাসনকে দোসরমুক্ত না করলে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। ডেঙ্গু সচেতনতায় প্রচার দলের ঘোষিত ধারাবাহিক ১০ দিনের কর্মসূচির চতুর্থ দিনে শনিবার (২০ অক্টোবর) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু করে বিজয়নগর মোড় পর্যন্ত র‍্যালি, গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ডা. রফিক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আনসার বাহিনীর বাংলাদেশ সচিবালয় দখলের চেষ্টা, পূজামণ্ডপে হামলাসহ বিভিন্ন অযৌক্তিক দাবি নিয়ে রাষ্ট্রকে অকার্যকর করার অপচেষ্টায় এই পতিত সরকারের দোসররাই মদদ দিচ্ছেন। এ ছাড়া তিনি বলেন, বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার চক্রান্ত চলছে। মনে রাখতে হবে, ছাত্র-জনতার আন্দোলনে দেশের গণতন্ত্র মুক্তি পেলেও ভোটাধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই গণতন্ত্র কখনো পূর্ণাঙ্গ রূপ নিবে না।

পাশাপাশি তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দল ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা এ বিষয়ে ওয়েবসাইট খুলেছি। যে কেউ ডেঙ্গু রোগীর জন্য এই ওয়েবসাইটের মাধ্যমে রক্ত সংগ্রহ করতে পারবেন এবং রক্ত দিতে পারবেন।

সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, ফ্যাসিবাদী গণহত্যাকারী শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের বিদায় হয়নি। তারা এখনো প্রাণনাশের হুমকি দিচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে তারা। যারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, সেই দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানের শক্তির ঐক্য বজায় রাখতে হবে।

প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু, মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য ফরহাদ হোসেন, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. জাহেদুর রহমান জাহিদ প্রমুখ।

কর্মসূচিতে প্রচার দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াকিদুজ্জামান ডাবলু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমিন, ক্রীড়াবিষয়ক সম্পাদক রুবেল নিলয়, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, প্রচার দলনেতা রাজিব মোল্লা, শামীম রেজা, রাশেদসহ শাহাবাগ, পল্টন, রমনা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ