জরিমানা এড়াতে আমিরাতে প্রবাসী ব্যবসায়ীদের নিয়ে ট্যাক্স ও ডিজিটাল কমপ্লায়েন্স সেমিনার : - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩০, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জরিমানা এড়াতে আমিরাতে প্রবাসী ব্যবসায়ীদের নিয়ে ট্যাক্স ও ডিজিটাল কমপ্লায়েন্স সেমিনার :

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬ ৬:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬ ৬:৪২ পূর্বাহ্ণ

 

এম এনাম হোসেন, (ইউএই) প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতে ভ্যাট, করপোরেট ট্যাক্স এবং আসন্ন ই-ইনভয়েসিং ব্যবস্থার নিয়ম সঠিকভাবে অনুসরণ না করায় ইতোমধ্যে অনেক বাংলাদেশি ব্যবসায়ী বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হয়েছেন। এই প্রেক্ষাপটে প্রবাসী ব্যবসায়ীদের সচেতন ও আইনি জটিলতা থেকে রক্ষা করতে রাস আল খাইমাহতে অনুষ্ঠিত হয়েছে ‘ইউএই বিজনেস ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড কমপ্লায়েন্স অ্যাওয়ারনেস সেমিনার-২০২৬’।

গত সোমবার (২২ জুন) রাস আল খাইমাহর হিলটন গার্ডেন ইন হোটেলে জি স্প্রিঙ্ক আইটি সল্যুশনস এবং ইজি অ্যাকাউন্টিং সল্যুশনসের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়। দুবাই, শারজাহ, আজমান, ফুজাইরাহ এবং রাস আল খাইমাহসহ বিভিন্ন আমিরাত থেকে ব্যবসায়ী, উদ্যোক্তা, সিইও, ব্যবস্থাপনা পরিচালক, অর্থ ব্যবস্থাপক ও হিসাবরক্ষকরা এতে অংশ নেন।

কর সচেতনতায় রাষ্ট্রদূতের গুরুত্বারোপ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান, বাণিজ্য কাউন্সেলর আশীষ কুমার সরকার, রাস আল খাইমাহ চেম্বার অব কমার্সের মহাব্যবস্থাপক ড. রাশেদ খালফান আল নুয়াইমি এবং রাস আল খাইমাহ ইন্টারন্যাশনাল মেরিন স্পোর্টস ক্লাবের নির্বাহী চেয়ারম্যান আরিফ ইব্রাহিম আল হারানকি।

রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, “আমিরাতে একটি বৃহৎ ও প্রাণবন্ত বাংলাদেশি ব্যবসায়ী কমিউনিটি থাকলেও আধুনিক করব্যবস্থা ও ডিজিটাল অর্থনীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। নতুন আইনি ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান এবং বাণিজ্য কাউন্সেলর আশীষ কুমার সরকার নতুন কর আইন, ভ্যাট কমপ্লায়েন্স এবং সরকারি নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনার ওপর জোর দেন। তাঁরা সতর্ক করে বলেন, যথাযথ কমপ্লায়েন্স নিশ্চিত না হলে ব্যবসায়ীরা আইনি জটিলতা ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।

সেমিনারে ইউএই-এর আসন্ন ই-ইনভয়েসিং ব্যবস্থা, মূল্য সংযোজন কর (ভ্যাট), করপোরেট ট্যাক্স কমপ্লায়েন্স, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং বিজনেস প্রসেস অটোমেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইজি অ্যাকাউন্টিং সল্যুশনসের ব্যবস্থাপনা পরিচালক সুমনা রহমান বলেন, “ই-ইনভয়েসিং শুধু প্রযুক্তিগত পরিবর্তন নয়, এটি ব্যবসায়িক স্বচ্ছতা ও সঠিক কর প্রতিবেদনের একটি কার্যকর মাধ্যম।” তিনি আরও বলেন, যারা এখনও ম্যানুয়াল হিসাবরক্ষণ পদ্ধতির ওপর নির্ভরশীল, তারা অডিট ঝুঁকি, নথিপত্র সংক্রান্ত জটিলতা এবং আইনি সমস্যার মুখে পড়তে পারেন। এফটিএ’র ভবিষ্যৎ নির্দেশনা অনুসরণে এখন থেকেই প্রস্তুতির আহ্বান জানান তিনি।

জি স্প্রিঙ্ক আইটি সল্যুশনসের সিইও মোহাম্মদ মাহফুজ উল আলম আধুনিক ইআরপি সফটওয়্যারের মাধ্যমে ভ্যাট কমপ্লায়েন্স, করপোরেট ট্যাক্স রিপোর্টিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট, এইচআর, পে-রোল এবং অ্যাকাউন্টিং কার্যক্রম স্বয়ংক্রিয় করার পদ্ধতি তুলে ধরেন। তিনি জানান, নির্মাণ, পরিবহন, পোশাক, রেস্তোরাঁ ও সুপারমার্কেটসহ বিভিন্ন খাতের চাহিদা বিবেচনায় স্থানীয় কর কর্তৃপক্ষের নিয়ম অনুসারে জি স্প্রিঙ্ক ইআরপি প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।

বক্তারা, ব্যবসায়িক স্বচ্ছতা, সুশাসন, প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে ডিজিটাল রূপান্তরের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল অর্থনীতির যুগে ব্যবসার টেকসই উন্নয়ন ও প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং শতভাগ কমপ্লায়েন্স নিশ্চিত করার বিকল্প নেই।

সমাপনী বক্তব্যে আয়োজকরা জানান, প্রবাসী ব্যবসায়ীদের মধ্যে ডিজিটাল রূপান্তর, কর সচেতনতা এবং কমপ্লায়েন্স সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে একটি আধুনিক, স্বচ্ছ ও টেকসই ব্যবসায়িক পরিবেশ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ