অপতথ্যের ভিড়ে ‘খবরের ভেতরের খবর’ খুঁজে বের করুন: তথ্য সচিব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ২৮, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ২৮, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের বিস্তারের মধ্যে অনুসন্ধানী সাংবাদিকতায় আরও জোর দিয়ে ‘খবরের ভেতরের খবর’ তুলে আনার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
রবিবার (২৮ জুন) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ ফল উৎসব’এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
তথ্য সচিব বলেন, ‘বর্তমানে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যে সয়লাব। এ পরিস্থিতিতে প্রকৃত তথ্য অনুসন্ধান করে জনগণের সামনে তুলে ধরার দায়িত্ব সাংবাদিকদেরই।’
তিনি বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিকতা অনেকটাই কমে গেছে। আপনারা খবরের ভেতরের খবর বের করে আনুন, আমরা সেটাই দেখতে চাই।’
সাংবাদিকতাকে একটি মহান পেশা উল্লেখ করে মাহবুবা ফারজানা বলেন, ‘সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাই সাংবাদিকদের প্রতি আরও আন্তরিক ও সহযোগিতাপূর্ণ আচরণ করা প্রয়োজন।’
তিনি জানান, তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে, যাতে সাংবাদিকরা কোনো ধরনের ভোগান্তির শিকার না হন।
তরুণদের সাংবাদিকতা পেশায় আগ্রহকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিতে হবে।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত কিছু সংবাদে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হচ্ছে বলেও মন্তব্য করে তিনি বলেন, ‘কোনো তথ্য নিয়ে সংশয় থাকলে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তা যাচাই করা উচিত। সাংবাদিকদের কাজে কোনো সমস্যা হলে সরাসরি তার সঙ্গে কিংবা সাংবাদিক নেতাদের মাধ্যমে বিষয়টি জানানোর আহ্বানও জানান তিনি।’
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বিএসআরএফের প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সভাপতি তপন বিশ্বাস ও ফসিহ উদ্দিন মাহতাবসহ সংগঠনের জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ