নিত্যপণ্যে পকেট ফাঁকা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩৫, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিত্যপণ্যে পকেট ফাঁকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৫, ২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৫, ২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ণ

 

♦ মাসের ব্যবধানে ৪৩ ভাগ পণ্যের দাম বেড়েছে ♦ দাম বাড়লেও লাভ কমেছে খুচরা ব্যবসায়ীদের ♦ কোরবানির আগেই মসলার বাজারে আগুন ♦ খাওয়া কমাচ্ছেন স্বল্প আয়ের মানুষ ♦ ছোট হয়ে গেছে বিস্কুটের প্যাকেট ♦ বেড়েছে পানির দামও

পাইকারি বাজারে ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবু বাড়ছে সব নিত্যপণ্যের দাম। বর্তমানে চালের দাম কিছুটা স্থিতিশীল হলেও এমন কোনো পণ্য নেই যার দাম বাড়েনি। বাজারে প্যাকেটজাত চিনি উধাও। গরম মসলার উত্তাপ দিন দিন বাড়ছে। এরই মধ্যে আরেক দফা বাড়ল সয়াবিন তেলের দাম। ৫০ টাকার নিচে নেই কোনো সবজি। এ অবস্থায় সাধারণ মানুষের অবস্থা ত্রাহি। এর থেকে পরিত্রাণের আপাতত কোনো উপায় কেউ বলতে পারছে না। এ ব্যাপারে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দ্রব্যমূল্যের কারণে স্বল্প আয়ের মানুষের আর্থিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে। জীবনযাত্রার মান রক্ষা করা কঠিন হয়ে গেছে। অনেকে খাওয়া কমিয়ে দিয়েছেন। আন্তর্জাতিক বাজারে এখন ভোগ্যপণ্যের দাম কমতির দিকে। বাজার নিয়ন্ত্রণে রাখতে মুদ্রানীতি ও আর্থিক নীতি ঠিকভাবে কাজ করছে না। বাজার মনিটরিংয়ের ঘাটতিও রয়েছে।

সরেজমিনে রাজধানীর কয়েকটি বাজার পরিদর্শন, বাসিন্দা ও দোকানদারদের সঙ্গে আলাপ, বিভিন্ন অনলাইন শপে পণ্যের মূল্য যাচাই ও ট্রেডিং করপোরেশনের (টিসিবি) তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, মাসের ব্যবধানে অন্তত ৪৩ ভাগ নিত্যপণ্যের দাম বেড়েছে। গত বছরের ব্যবধানে বেড়েছে প্রায় ৭৪ ভাগ পণ্যের দাম। মে মাসের শুরুতে দুই দিনের ব্যবধানে প্রতি কেজি চিনির দাম ৫-১০ টাকা বাড়িয়ে দিয়েছেন বড় ব্যবসায়ীরা। বাজার থেকে উধাও হয়ে গেছে প্যাকেটজাত চিনি। আগের মজুদকৃত ১১২ টাকা কেজির প্যাকেট চিনি খুলে ১৩৫-১৪০ টাকায় বিক্রি করছেন অনেক দোকানি। মাছ, মাংস, ডিম, মসলা, ফল, গুঁড়া দুধ, ভোজ্য তেল, বেকারিপণ্য, ডায়াপার, নুডলস, সাবানসহ অধিকাংশ পণ্যের দাম বেড়েছে। বোতলজাত ৫০০ মিলি পানির দামও ১৫ টাকা থেকে বেড়ে ২০ টাকা হয়ে গেছে। ২০৫ মিলি সফট ড্রিংসের দাম ২০ টাকা থেকে ২৫ টাকা হয়েছে। ছোট হয়ে গেছে বিস্কুট ও পাউরুটির প্যাকেট। বাজারভেদে পণ্যের দামেও বড় পার্থক্য দেখা গেছে। খিলক্ষেত, মিরপুর, বাড্ডার বিভিন্ন স্থানে ৭৩০ থেকে ৭৫০ টাকায় গরুর মাংস বিক্রি হতে দেখা গেছে। অন্যদিকে বিভিন্ন সুপারশপ ও অনলাইন শপে হাড়সহ গরুর মাংস ৭৯০-৮৪০ টাকায় ও হাড় ছাড়া ১১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। দুই মাস আগে বাজারভেদে প্রতি কেজি হরিণা চিংড়ি বিক্রি হয়েছে ৪৫০ থেকে ৬০০ টাকায়। গতকাল খিলক্ষেত বাজারে সকালে ৭৫০ টাকায় ও দুপুরে ৭০০ টাকায় বিক্রি হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ