অভয়নগরে বিএনপির নেতাদের বাড়ির সামনে পুলিশি মহড়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২১, ২০২২ ৬:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২১, ২০২২ ১০:০৩ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার বিএনপির একাধিক শীর্ষ নেতার বাড়ির সামনে পুলিশ মহড়া দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার আটটি ইউনিয়ন এবং নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতির বাড়ির সামনে পুলিশ মোটরসাইকেল ও গাড়িতে এ মহড়া দেয়। এ সময় পুলিশ কাউকে আটক করেনি। তবে অভয়নগর থানার পুলিশ অভিযোগটি অস্বীকার করেছে।
উপজেলার চার বিএনপির নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার এবং নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈমের বাড়ির সামনে পুলিশ মহড়া দেয়। মহড়ার সময় বহরের সামনের দিকে ১০টি মোটরসাইকেল ছিল। পেছনে ছিল পুলিশের দুটি পিকআপ ভ্যান। মোটরসাইকেল আরোহী পুলিশের হাতে হকিস্টিক ও কাঠের তৈরি রুল ছিল। উচ্চ শব্দে হর্ন ও হুইসেল বাজিয়ে বহরটি একে একে বিএনপির নেতাদের বাড়ির সামনে এসে থামে। এরপর পুলিশের সদস্যরা বিএনপির নেতাদের নাম ধরে ডাকাডাকি করেন। কিছুক্ষণ অবস্থান করে সেখান থেকে পুলিশের সদস্যরা আবার হর্ন ও হুইসেল বাজিয়ে চলে যান।
এ সময় অধিকাংশ নেতারাই বাড়িতে ছিলেন না বলে জানা যায়। তবে যেসব নেতা বাড়িতে ছিলেন, পুলিশ তাঁদের খুলনার গণসমাবেশে যেতে নিষেধ করেছে বলে দাবি করছেন বিএনপির নেতারা।
বিএনপির ইউনিয়ন পর্যায়ের এক নেতা প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত ১২টার দিকে একদল পুলিশ তাঁর বাড়িতে আসে। এ সময় পুলিশের সদস্যরা তাঁকে কাল (শুক্রবারের) খুলনায় বিএনপির গণসমাবেশে যোগ দিতে নিষেধ করেছেন বলে দাবি করেন।
অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার বলেন, খুলনার গণসমাবেশে বিএনপির নেতা-কর্মীরা যেন না যান, সে জন্য ভয়ভীতি দেখাতে পুলিশ গতকাল রাতে এই মহড়া দিয়েছে। এ সময় বেশির ভাগ নেতা বাড়িতে ছিলেন না। যে কয়েকজন নেতা বাড়িতে ছিলেন, পুলিশ তাঁদের খুলনার গণসমাবেশে যেতে নিষেধ করেছে। আজ শুক্রবার সকাল থেকেও পুলিশের একটি টহল দল সার্বক্ষণিক বিএনপির নেতাদের ওপর নজরদারি করছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা এ কে এম শামীম হাসান বলেন, ‘এ রকম কোনো ঘটনা আমার জানা নেই।’
জনতার আওয়াজ/আ আ