জাতীয় ও গণপরিষদ নির্বাচনের নামে বিলম্ব করা চলবে না : ড. আসাদুজ্জামান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় ও গণপরিষদ নির্বাচনের নামে বিলম্ব করা চলবে না : ড. আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৫, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৫, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের নামে কোনোভাবেই নির্বাচনকে বিলম্বিত করতে দেবে না বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের নামে কোনোভাবেই নির্বাচনকে বিলম্বিত করা চলবে না, আর এটা আমরা হতেও দেবো না।’

দলটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে শনিবার (১৫ মার্চ) ফরিদপুরে বিএনপির বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

ড. রিপন বলেন, কেউ কেউ বলছেন দেশে একটি গণপরিষদ হবে, গণপরিষদ করার দায়িত্ব কে দিয়েছে তাদের।

তিনি বলেন, সংস্করের নামে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ নেই। দেশী ও বিদেশী নানা ষড়যন্ত্র চলছে। অনির্বাচিত সরকার এদেশে মাথা গোজার চেষ্টা করছে, সেটা বিএনপি করতে দেবে না এদেশে।

বিএনপির এই নেতা বলেন, আমরা বলব সংস্কার বা গণপরিষদের নামে কোনো কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব এদেশে একটি সুন্দর ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন।

তিনি বলেন, হাসিনা গত ১৬ বছর ভোট করেনি বলেই বিদায় নিতে হয়েছে এভাবে, পালাতে হয়েছে তাকে। দেশে ফ্যাসিবাদী ব্যবস্থা আর যাতে ফিরিয়ে না আসে সে জন্য দরকার একটি সুন্দর নির্বাচন।

নেতাকর্মীর উদ্দেশে রিপন বলেন, দখল বাণিজ্য তখনই আসে, যখন গণতন্ত্র থাকে না। জনগণের আস্থা অর্জন করতে হবে, আগামী নির্বাচন অনেক কঠিন হবে। মানুষের ভালোবাসা না পেলে জয়ী হওয়া সম্ভব নয়। এজন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কাজ করা থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

বর্ধিত সভায় আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাদা মিয়া, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাসুক, সেলিমুজ্জামান সেলিম, বিএনপি নেত্রী হেলেন জেরিন খান প্রমুখ।

বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছা, বিএনপি নেতা সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মো: আজম খান, রশিদুল ইসলাম লিটন প্রমুখ।

বিএনপির বিশেষ এই বর্ধিত সভায় ফরিদপুর জেলাসহ বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ