ট্রেনের অনলাইন টিকেট কাটতে ৪ লাখ যাত্রীর রেজিস্ট্রেশন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ১, ২০২৩ ২:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ১, ২০২৩ ২:০২ অপরাহ্ণ

রেল টিকেটর কালোবাজারি বন্ধ ও বিনা টিকেটে ভ্রমণ বন্ধে অনলাইন টিকেট কাটতে এনআইডি’র মাধ্যমে ১৬ ফেব্রুয়ারী থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১৪ দিনে সর্বমোট ৪ লাখ মানুষ অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন।
বুধবার (১ মার্চ) রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ‘রেলের অনলাইন টিকেট সিস্টেমে ৪ লাখ মানুষ অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন।’
টিকেট ছাড়া ভ্রমণ করা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘৫০ ভাগ অনলাইনে এবং ৫০ ভাগ কাউন্টার থেকে টিকিট দেওয়া হবে। কিন্তু কোনোক্রমে রেজিস্ট্রেশন ছাড়া টিকেট পাওয়া যাবে না।’
নুরুল ইসলাম সুজন বলেন, ‘আগে টিকিট হলেই একজন যাত্রী ভ্রমণ করতে পারতো, এখন আপনার টিকেটে আপনাকে ভ্রমণ করতে হবে। টিকেট থাকলেই ভ্রমন করা যাবে না। আর বিনা টিকিটে কেউ ভ্রমণ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সুযোগ ছিল পাঁচটা বা দশটার টিকিট কেটে কালোবাজারি করে বিক্রি করা যেতো। এখন সেটা পারবে না।’
টিটই’রা অনিয়মে জড়িত থাকলে কী ব্যবস্থা নেওয়া হবে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি টিটিই’দের বিরুদ্ধে কোনো জালিয়াতি বা অনিয়মের অভিযোগ আসে তবে কর্মচারী বিধিমালা আইনে শাস্তি পাবে।’
রেলওয়ে কবে পুরো টিকেটিং ব্যবস্থা অনলাইনে আনবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ধীরে ধীরে অনলাইন টিকেটিং ব্যবস্থায় আসবে রেলওয়ে। এখনও যেহেতু অনেক যাত্রী নিম্ন আয়ের কিংবা শিক্ষিত নয় তাদের জন্যে কাউন্টারে ব্যবস্থা রেখেছি।’
জনতার আওয়াজ/আ আ