দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ১৯, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ১৯, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (১৯ মে) দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। পল্টন থানার একটি বানোয়াট ও মিথ্যা মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জেষ্ঠ্য সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এই বিবৃতি দেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। ৭ জানুয়ারী ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী শাসকগোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন—নিপীড়ণ শুরু করেছে। আর এধরণের অপকর্মের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে—দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে না পারে।
তিনি বলেন, ‘মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদেরকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা যেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ সেই কর্মসূচিরই নিরবচ্ছিন্ন অংশ। এ ধরণের অমানবিক ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এর বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারসহ তার নি:শর্ত মুক্তির জোর আহবান জানাচ্ছি।”
জনতার আওয়াজ/আ আ