নরসিংদী-৫: বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঝাড়ু মিছিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নরসিংদী-৫: বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ ১১:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ ১১:১৫ অপরাহ্ণ

 

নরসিংদী-৫: বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঝাড়ু মিছিল
নরসিংদী প্রতিনিধি

নরসিংদী-৫ (রায়পুরা) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে স্থানীয় নারী নেত্রী ও কর্মীরা ঝাড়ু মিছিল করেছেন। মিছিলে দল ঘোষিত সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের মনোনয়ন পরিবর্তনের দাবি জানানো হয়।

সোমবার (১ ডিসেম্বর) বেলা ১২টায় দৌলতকান্দি রেলস্টেশন থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাপমারা রেলগেইট ঘুরে পুনরায় রেলস্টেশনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঝাড়ু মিছিলে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের মনোনয়ন পরিবর্তনের দাবিতে নারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, “আশরাফের মনোনয়ন বাতিল করতে হবে”, “রায়পুরার মনোনয়ন বাতিল চাই”,“ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করতে হবে”, “শহীদ জিয়ার বিএনপিতে ফ্যাসিস্টের দোসরের ঠাঁই নাই”, এমন নানা স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলার মুসাপুর ইউনিয়নের বিএনপি কর্মী হাজী আব্দুর রশিদ, ফেরদৌসি বেগম, রহিমা বেগম ও হাসনারা আক্তার।

বক্তারা বলেন, বিগত ১৬ বছর দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, মামলা-হামলা ও হুলিয়ার শিকার হয়েছেন, সেই ত্যাগী নেতাদের বঞ্চিত করে দলের সম্ভাব্য প্রার্থী করা হয়েছে আওয়ামী লীগের দোসর ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে। অথচ আশরাফ বকুলকে কখনো দলের সংকটময় মুহূর্তে রাজপথে দেখা যায়নি। সেই সময়ে তিনি ছিলেন দেশের বাইরে বা অন্তরালে। তিনি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ থেকে বিভিন্ন সুবিধা ভোগ করেছেন।

বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নীতিনির্ধারকদের প্রতি আমাদের আবেদন, নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক। বিগত দিনে দলের হয়ে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, সেই ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মধ্যে জামাল উদ্দিন চৌধুরী একজন সৎ, যোগ্য ও কর্মীবান্ধব নেতা। তার মতো যোগ্য নেতা-ই হতে পারেন বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষের প্রকৃত কাণ্ডারি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ