নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

 নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আগামী পাঁচ বছরের জন্য একটি মেগা কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

তিনি বলেন, ‘সব মন্ত্রণালয় ও বিভাগ ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি, ২০২৬-২৭ অর্থবছর এবং পরবর্তী পাঁচ বছরের জন্য পৃথক কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে।’

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে লিখিত ও মৌখিক প্রশ্নোত্তরে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা জোরদারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় নারীপ্রধান পরিবারকে মাসিক আড়াই হাজার টাকা দেওয়া হচ্ছে। একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।”

প্রধানমন্ত্রী জানান, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫ লাখ সরকারি চাকরি দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস এবং ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। হাই-টেক পার্কগুলো কার্যকর করা এবং দেশে পেপ্যাল সেবা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন প্রণোদনা ঘোষণা করে তারেক রহমান বলেন, ‘প্রবাসী বাংলাদেশি বা বিদেশি নাগরিক কেউ দেশে বিনিয়োগ নিয়ে এলে মোট বিনিয়োগের ওপর ১ দশমিক ৫ শতাংশ ইনসেনটিভ বা কমিশন দেওয়া হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত কিন্তু সম্ভাবনাময় শিল্পপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংক ৬ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করেছে, যেখান থেকে ৯ শতাংশ সুদে ঋণ পাওয়া যাবে।’

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির অংশ হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা দেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে প্রয়োজনীয় আইনি সংস্কারের কথাও জানান প্রধানমন্ত্রী।

সংসদে বিরোধী দলের সদস্যদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘বর্তমান সরকার সুষম উন্নয়নে বিশ্বাস করে। সরকারি দলের মতো বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সমানভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে।’

তিনি বলেন, ‘আমরা দেশের সম-উন্নয়নে বিশ্বাস করি। সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের প্রতিনিধিদের এলাকাতেও সরকারের পূর্ণ সহযোগিতা থাকবে।’

একই সঙ্গে তিনি বলেন, ‘সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। ফলে গঠনমূলক সমালোচনা গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার সব সময় প্রস্তুত থাকবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ