প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অবৈধ সরকারের অবৈধ আদেশ আর মানবেন না: খন্দকার মোশাররফ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ১৯, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ১৯, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্যে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আপনারা অবৈধ সরকারের অবৈধ আদেশ আর মানবেন না। আপনারা জনগণের পাশে থাকুন। আপনারা জানেন, শেখ হাসিনা ও তার সরকারের আর বেশিদিন নেই। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেয়ে ক্ষমতায় আসবে। আগে যা করেছেন, করেছেন। আমরা তা ভুলে যেতে চাই।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরী কাজীর দেউরী সংলগ্ন নূর আহমদ সড়কে বিএনপি আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে জনসমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। এদিকে সমাবেশ চলাকালে মঞ্চের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর মহিলা দলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। মহানগর মহিলা দলের দুই নেত্রী মনোয়ারা বেগম মনি ও আঁখি সুলতানার সমর্থরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
সমাবেশে খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগকে দলীয়করণ করেছে। তারা ক্ষমতায় থাকতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আবার গায়েবি মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে। কিন্তু এখন থেকে আর কোনো গায়েবি মামলা করা যাবে না, গ্রেপ্তার করা যাবে না।
তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনগণ প্রত্যাখ্যান করেছে। সারাবিশ্ব প্রত্যাখ্যান করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, এবার নাকি শেখ হাসিনা সুষ্ঠু ভোট করবেন। কিন্তু দেশের মানুষ তার এ কথা বিশ্বাস করে না। তাকে পদত্যাগ করতে হবে। সংসদ বাতিল করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে, সেই সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
প্রধানমন্ত্রীকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, এখন আওয়ামী লীগ পরিচয় দিলে মানুষ ছি ছি করে। আর সময় নেবেন না। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিয়ে ভালোয় ভালোয় বিদায় নেন।
এ সময় তিনি যথা সময়ে গণঅভ্যুত্থানের ডাক দেওয়া হবে বলেও হুশিয়ার করে দেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ও এসএম ফজলুল হক, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এএম নাজিম উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হুম্মম কাদের চৌধুরী।
জনতার আওয়াজ/আ আ