বিবাহিত জীবনে একসঙ্গে ২৪টি বছর পার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ২৩, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ২৩, ২০২৩ ৭:৫৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
শোবিজ জগতে প্রায়ই শোনা যায় প্রেম-বিয়ে ভাঙার ঘটনা। সেখানে বিবাহিত জীবনে একসঙ্গে ২৪টি বছর পার করে ফেলেছেন খ্যাতিমান দুই অভিনয়শিল্পী তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। তাদের ভালোবাসার সম্পর্ক গভীরতা লাভ করে ১৯৯৯ সালে। সে বছরের আজকের দিনে বিপাশাকে বিয়ে করেন তৌকির। ক্যারিয়ারে তারা যেমন সফল তেমনি ব্যক্তিগত জীবনেও। এ তারকা জুটির সংসারে রয়েছে মেয়ে আরিশা আহমেদ ও ছেলে আরীব আহমেদ।
তৌকির আহমেদ বুয়েট থেকে স্থাপত্যে স্নাতক অর্জন করেন। তবে অভিনয়ের প্রতি আলাদা ভালোলাগা কাজ করায় পড়াশুনা করেছেন অভিনয় আর চলচ্চিত্র নিয়েও। আশির দশকে নাটকে অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন তৌকির। অন্যদিকে জনপ্রিয় অভিনেতা বাবা আবুল হায়াতের পথ অনুসরণ করে নব্বই দশকের শুরুতে অভিনয় জগতে পা রাখেন বিপাশা হায়াত। ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির প্রতি টান অনুভব করায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক পাশ করেন গুণী এ অভিনেত্রী।
নব্বইয়ের দশকে একসঙ্গে অনেক কাজ করতে শুরু করেন তৌকির-বিপাশা জুটি।
সহশিল্পীর সঙ্গে বন্ধুত্ব থেকে প্রেম, ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তাদের মধ্যে। ওই সময় টিভি পর্দায় তারা হয়ে ওঠেন জনপ্রিয় জুটি। দেখতে দেখতে বিবাহিত জীবনে একসঙ্গে ভালোবাসার দুই যুগ পার করলেন জনপ্রিয় এ তারকা জুটি।
জনতার আওয়াজ/আ আ