মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র চ্যাম্পিয়ন নীলা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
করোনার কারণে প্রায় তিন বছর বিরতির পর নতুন করে অনুষ্ঠিত হলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’র আয়োজন। জাঁকজমকপূর্ণভাবে মুন্সীগঞ্জের মানা বে ওয়াটার পার্কে সদ্য বসে এই প্রতিযোগিতার চূড়ান্ত আসর। এবারের আসরে বিজয়ীর মুকুট জেতেন ফ্যাশন ইনফ্লুয়েন্সার, মডেল ও টিকটকার শাম্মি ইসলাম নীলা।
এ আসরে ২০ প্রতিযোগীর মধ্যে থেকে পাঁচ বিচারক শাম্মি ইসলাম নীলাকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’ হিসেবে নির্বাচন করেন। এছাড়াও, এ আসরে প্রথম ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন যথাক্রমে আকলিমা আতিকা কণিকা ও শাকিরা তামান্না।
বিজয়ীর মুকুট জেতা শাম্মি ইসলাম নীলা মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। এবারের মূল আয়োজনটি হবে পাশের দেশ ভারতে। এই আসরে যোগ দিতে আগামী ১৮ ফেব্রুয়ারি দিল্লি যাবেন নীলাসহ বিভিন্ন দেশের বিজয়ী সুন্দরীরা। আগামী ৯ মার্চ ভারতে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড-২০২৩’ প্রতিযোগিতা।
শাম্মি ইসলাম নীলার পরিচয়—
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন শাম্মি ইসলাম নীলার জন্ম এবং বেড়ে উঠা ঢাকায়। দুই ভাই-বোনের মধ্যে ২৩ বছর বয়সী নীলা বড়। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা করছেন তিনি।
ছোটবেলা থেকেই তাঁর ইচ্ছা ছিল ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার। তিন বছর ধরে মডেলিং করছেন নীলা। ফ্যাশন আর বিউটি নিয়ে কয়েকটি বাংলাদেশি ব্র্যান্ডের সঙ্গে ইনফ্লুয়েন্সার হয়ে নিয়মিত কাজ করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারও কম নয়।
ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটক— তিন সামাজিক যোগাযোগ মাধ্যমেই জনপ্রিয় নীলা। বিশেষ করে টিকটকে তাঁর কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে। ফেসবুকে তাঁর ৫৬ হাজার অনুসারী। ইনস্টাগ্রামে তা ছাড়িয়ে গেছে এক লাখ ১০ হাজার। যদিও নীলার মাথায় মুকুট ওঠায় অনেকে সমালোচনাও করছেন। অনেকে বলছেন, এখন থেকে কি টিকটকাররা দেশকে প্রতিনিধিত্ব করবে? তবে নিজের কাজ ও যোগ্যতা দিয়ে সেসব কথার জবাব দিতে চান নীলা। গণমাধ্যকে জানিয়েছেন, তিনি ভবিষ্যতে মডেলিং ও অভিনয় করতে চান। পাশাপাশি প্রাণীদের অধিকার রক্ষায় কাজ করবেন তিনি।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’র আয়োজক প্রতিষ্ঠান এরিস্টক্রাট ইভেন্টসের ডিরেক্টর রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, ‘এবারের আসরের জন্য গত বছরের সেপ্টেম্বর থেকে প্রতিযোগিরা রেজিস্ট্রেশন শুরু করেন। প্রায় তিন হাজার প্রতিযোগী নাম লেখান এই প্রতিযোগিতায়। সেখান থেকে ৫শ’ প্রতিযোগীকে বাছাই করা হয়। দ্বিতীয় দফা বাছাইয়ে বাদ পড়েন আরও ২০০ জন প্রতিযোগী। তাঁদের ঢাকায় এনে অডিশন নেওয়া হয়। পরে ৩শ’ থেকে বাছাই করা ২০ জন প্রতিযোগীকে নিয়ে মানা বে-তে শুরু হয় ক্যাম্প। তার পরই ২৮ জানুয়ারি বসে গ্র্যান্ড ফিনালের আসর।’
এবারের গ্র্যান্ড ফিনালেতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন, অভিনেত্রী তানিয়া আহমেদ, বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান, পরিচালক রায়হান রাফি ও ফটোগ্রাফার রফিকুল ইসলাম রাফ।
এছাড়া, এবারের আয়োজনে সহযোগিতায় ছিল অডিও-ভিজ্যুয়াল পার্টনার হাই-৫ ফিল্ম ফ্যাক্টরি, বিউটি পার্টনার লুই ক্লোই বাংলাদেশ, হসপিটালিটি পার্টনার মানা-বে, ওয়ারড্রোব পার্টনার আনজারা, মুন’স, জুয়েলারি পার্টনার জেভার বাই আরোহী, মিডিয়া ও ব্রডকাস্ট পার্টনার এটিএন নিউজ ও এটিএন বাংলা এবং ধারণা, গল্প এবং সংগঠক দ্য প্লাটফর্ম, এরিস্টোক্রেট ইভেন্টস।
মিস ওয়ার্ল্ড বিজয়ীদের পরিচিতি জানাতে রবিবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ডেইলি স্টার সেন্টারের এ এস মাহমুদ সেমিনার হলে। এতে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠন অ্যারিস্ট্রোক্রেট ইভেন্টসের প্রোপাইটর রাকিবুল হাসান, দ্যা প্লাটফর্মের প্রোপাইটর সানজিদা হক আরেফিন লুনা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের লাইসেন্স ওনার ইঞ্জিনিয়ার মেহেদি হাসান, লিগ্যাল অ্যাডভাইজার আতিফ খালেদ।
জনতার আওয়াজ/আ আ