শুরু শিক্ষক নিবন্ধন পরীক্ষা, অংশ নিচ্ছেন সাড়ে ১৮ লাখ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শুরু শিক্ষক নিবন্ধন পরীক্ষা, অংশ নিচ্ছেন সাড়ে ১৮ লাখ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৫, ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৫, ২০২৪ ১০:৪১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা শুরু হয়। চলবে এক ঘণ্টাব্যাপী। বিকেল সাড়ে তিনটায় শুরু হবে কলেজ পর্যায়ের পরীক্ষা। দুই পর্বের এই পরীক্ষায় সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন পরিচালক (উপসচিব) মো. আবদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কয়েক বছর ধরে স্কুল ও কলেজ পর্যায়ের পরীক্ষা পৃথক পৃথক দিনে অনুষ্ঠিত হলেও এবারই প্রথম একই দিনে নিয়োগ পরীক্ষার সূচি ঠিক করেছে এনটিআরসিএ।

এনটিআরসিএর কর্মকর্তারা জানিয়েছেন, এসএসসি পরীক্ষা, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনসহ নানা কারণে এবার এক দিনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছরের ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী।

প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০। প্রতিটি প্রশ্নের মান ১। ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কাটা পড়বে। তিনটি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এ নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ