সিলেটে শহরের চেয়ে চা বাগানে ভোটার উপস্থিতি বেশি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে শহরের চেয়ে চা বাগানে ভোটার উপস্থিতি বেশি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ

 

সিলেট প্রতিনিধি
সিলেট নগরীতে দুপুর ২টা পর্যন্ত যেখানে ৩৫ শতাংশ ভোট পড়েছে, সেখানে চা বাগানে ভোট পড়েছে ৫৫ শতাংশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান দুপুর ২টা পর্যন্ত সিলেটে ৩৫ শতাংশ ভোট পড়েছে। দুপুর পর্যন্ত সিলেটের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কেউ কোন অভিযোগ করেননি।

এদিকে সিলেটের মালিনীছড়া চা বাগানে রাগীব রাবেয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ টা ৪০ পর্যন্ত ৫৫ শতাংশ ভোট পড়েছে বলেছেন প্রিজাইডিং অফিসার রফিক আজাদ।

রাগীব রাবেয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা মালনীছড়া চা বাগানের শ্রমিক নেতা জয় কুর্মি খবরের কাগজকে বলেন, সকাল থেকে চা শ্রমিকরা দীর্ঘ লাইন ধরে ভোট দিচ্ছেন। শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি আমরা। আমরা চাই আগামীর যারা সরকার হবে তারা চা শ্রমিকদের দুঃখ বুঝবে। অন্যদের মত ধোকা দিবে না।

ভোট দিতে আসা চা শ্রমিক মালা বাউড়ি, পয়েলা অনিতা খবরের কাগজকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি। এবার যে দল জিতবে তারা যেন আমাদের মজুরি ৫০০ করে দেয়। আমাদের সন্তানদের লেখাপড়ার সুযোগ করে দেয়।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সিলেটের ৬টি আসনে ভোটগ্রহণ শুরু হয়। সাড়ে ৬ ঘণ্টা ভোটগ্রহণ শেষে ৩৫ শতাংশ ভোট পড়ার তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা। তবে সকাল থেকে সিলেট নগরের অন্তত ১৫টি কেন্দ্র ঘুরে ৩/৪ টি ছাড়া বাকিগুলোতে তেমন ভোটার উপস্থিতি দেখা যায়নি। কয়েকটি কেন্দ্র ফাঁকা দেখা গেছে। তবে চা শ্রমিক অধ্যুষিত কেন্দ্রগুলোতে ভোটের উপস্থিতি বেশি দেখা গেছে।

উল্লেখ্য, এবার সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সিলেট জেলার ৬টি আসনে মোট ভোটার ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ এবং নারী ভোটার ১৪ লাখ ১৭ হাজার ৬১০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন।

সিলেটের ৬টি আসনে মোট ভোটকেন্দ্র আছে সংখ্যা ১ হাজার ১৬টি। সিলেটের ছয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে সিলেট-১ আসনে। সিলেট সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ড, সাত ইউনিয়ন ও একটি ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ে গঠিত সিলেট-১ আসন। এ আসনে মোট ভোটার ৬ লাখ ৮০ হাজার ৯৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪২ হাজার ৬৩৭ জন এবং নারী ভোটার রয়েছেন ৩ লাখ ২৩ হাজার ৬৮০ জন। লিঙ্গের ভোটার রয়েছেন ১৩। এই আসনে মোট ভোট কেন্দ্র আছে ২১৫টি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ