শিল্প সংকটে থাকলে শিক্ষার্থীদের কর্মসংস্থান টেকসই হবে না: বাণিজ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১০, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিল্প সংকটে থাকলে শিক্ষার্থীদের কর্মসংস্থান টেকসই হবে না: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৪, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৪, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
শিল্প সংকটে থাকলে শিক্ষার্থীদের কর্মসংস্থানও টেকসই হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

টেক্সটাইল শিল্পকে টেকসই করতে শিল্প খাতকে প্রতিযোগিতাসক্ষম ও আধুনিক করার তাগিদ দিয়েছেন তিনি।

শনিবার (২৩ মে) রাজধানীর ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টারে (জেডিপিসি) এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘কর্মসংস্থানে টেকসই উত্তরণ : টেক্সটাইল শিক্ষার্থীদের প্রস্তুতি ও পথচলা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।

বাণিজ্যমন্ত্রী জানান, সরকার নতুন করে রাষ্ট্রীয় মালিকানায় কোনো মিল স্থাপন বা পরিচালনার পরিকল্পনা করছে না। ব্যবসা করবে ব্যক্তিখাত। সরকার নীতিসহায়তা ও প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে কাজ করবে।

বিদ্যমান টেক্সটাইল ইনস্টিটিউট ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর কারিকুলাম সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন বাণিজ্যমন্ত্রী। প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত এগুলো হালনাগাদ করার কথাও বলেন তিনি।

মন্ত্রী বলেন, টেক্সটাইল শিক্ষার মানোন্নয়নে বিটিএমএ ও সক্ষম বেসরকারি মিলগুলোকে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এতে শিক্ষকের ঘাটতি কমবে, প্রযুক্তিগত আপগ্রেডেশন বাড়বে। শিক্ষার্থীরা বাস্তব শিল্প অভিজ্ঞতার সুযোগ পাবে।

জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা, উৎপাদন ব্যয়, কস্ট অব ফান্ড ও প্রযুক্তিগত সীমাবদ্ধতাকে টেক্সটাইল খাতের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে। ম্যান-মেড ফাইবার, নতুন পণ্য উন্নয়ন ও ভ্যালু চেইনে আপগ্রেডেশনের মাধ্যমে খাতটিকে আরও প্রতিযোগিতাসক্ষম করা হবে।’

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আব্বাসউদ্দীন শায়ক। আরও বক্তব্য রাখেন ব্লু প্ল্যানেটের নির্বাহী পরিচালক কাজী মাসুম রাশেদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল ও ডুয়েটের অধ্যাপক ড. আব্দুস শহিদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ