ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ২৪, ২০২৬ ২:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ২৪, ২০২৬ ২:৪২ পূর্বাহ্ণ

যশোর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ক্রীড়াঙ্গনে সুষ্ঠুভাবে পৃষ্ঠপোষকতার ওপর গুরুত্বারোপ করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে। বিগত ২০ বছর ক্রীড়াঙ্গন ছিল রাজনীতির দখলে। আগে ক্রীড়াঙ্গনে কিছু দেওয়ার জন্য ক্রীড়ামোদিরা আসতেন; আর এখন আসেন নিতে। বাংলাদেশে ক্রীড়ামোদীদের সংখ্যা কমে যাচ্ছে। ক্রীড়ামোদিদের জায়গা রাজনীতিক, ব্যবসায়ীরা দখল করেছে। এই ধারা থেকে বেরিয়ে আসা উচিত।’
শনিবার দুপুরে যশোরের শামসুল হুদা একাডেমিতে ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে এবং ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। দিনব্যাপী ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে’ উপলক্ষে যশোর সদরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে খুলনা ও রাজশাহী বিভাগের ৮০০ ক্ষুদে ফুটবলারের পদচারণায় রঙিন হয়ে ওঠে।
অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘এখানে এসে আমি আমার তারুণ্যের দিনগুলোতে ফিরে গেলাম ছোট বাচ্চাদের দেখে। আমার সবচেয়ে প্রিয় শহর যশোর। আমি যশোর ক্যান্টমেন্টে যুদ্ধ করেছিলাম। যশোরে আড়াই বছর চাকরি করেছি শুরুতে। শামস-উল-হুদার নামে স্টেডিয়াম হওয়ায় আমি খুশি। তার নামে এখন একাডেমি হয়েছে– বাংলাদেশে এমন নজির নেই। নাসের জাহেদীর মতো এমন ১০ জন ক্রীড়ামোদী থাকলে আমরা এতদিন বিশ্বকাপের কাছাকাছি থাকতাম। জাহেদী সাহেব এই উদ্যোগ চালিয়ে যাবেন প্রত্যাশা করি। পাকিস্তান এবং আর্জেন্টিনার বন্ধু এসেছেন, তাদের ধন্যবাদ। আশা করি, যশোরের ফুটবলের মান উন্নত হবে, সঙ্গে বাংলাদেশের। বাংলাদেশ এশিয়ার ফুটবল ম্যাপে আরও এগিয়ে যাবে, এশিয়ার মধ্যে সেরা দল হবে বাংলাদেশ।’
অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘দেশের গ্রাসরুট ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের পরিকল্পনা রয়েছে, আর্জেন্টিনা থেকে কোচ আনার। যারা ভালো খেলবেন, তাদের আর্জেন্টিনায় পাঠানোর বিষয়ও ভাবা হচ্ছে।’
অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোসও একাডেমির সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন। শিশুদের অংশগ্রহণ ও আগ্রহ দেখে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এখান থেকেই উঠে আসবে বাংলাদেশের আগামী দিনের ফুটবল তারকারা।
তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ও ভবিষ্যৎ ফুটবল তারকাদের গড়ে তুলতে এই ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
এদিকে, বিকালে বাফুফের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ আয়োজনে ক্ষুদে খেলোয়াড়দের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে বাফুফের সহসভাপতি ও একাডেমির পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী, পাকিস্তানের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাশে জায়ান আজিজ, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে নাসের জাহেদী তার স্বাগত বক্তব্যে বলেন, ‘আজকের দিনটি অনেক আনন্দের। তবে আজকের দিনটি ভিন্নমাত্রা পেয়েছে স্পিকার আমাদের মাঝে এসেছেন। তার আগমনে এই একাডেমিসহ সব ফুটবলাররা অনুপ্রাণিত হবেন। আশা করি, এই ধারা চলতে থাকবে।’
জনতার আওয়াজ/আ আ