আধুনিক প্রযুক্তির অপব্যবহার করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আধুনিক প্রযুক্তির অপব্যবহার করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ৯:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ৯:১০ অপরাহ্ণ

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আধুনিক প্রযুক্তির অপব্যবহার করলে আইনি ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, কোনোভাবেই আধুনিক প্রযুক্তির অপব্যবহার করা যাবে না। যারা অপব্যবহার করবেন, তাদের আইনের মুখোমুখি হতেই হবে।

শনিবার দুপুরে জেলার চান্দিনা উপজেলার পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা কেউ ভুয়া নিউজ দেবেন না, উদ্দেশ্যমূলক কোনো প্রচারণা আপনারা করবেন না। অসত্য নিউজ কেউ ফেসবুকে প্রচার করবেন না। আপনাদের বিবেকে যেটা বলে সেটাই আপনারা চর্চা করবেন। তা না হলে আপনার স্বপ্ন, আমার স্বপ্ন, সবই আঁধারে ডুবে যাবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমরা কোনো ষড়যন্ত্রে বিশ্বাসী না, আমরা কোনো পেশিশক্তি ও বন্দুকের নলে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জনগণের শক্তি। জনগণ আমাদের সাথে আছে। কে, কী বলল এগুলো কোনো কাজ হবে না। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন।

আসাদুজ্জামান খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর খুনি কুলাঙ্গারদের একজন রয়েছে এই চান্দিনার সন্তান। আমরা তাকে ধরার জন্য সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি। যেখানেই থাকুক তাকে বিচারের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০০৮ সালে যখন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছিলেন, তখন অনেকেই হেসেছিলেন। আজ তার সুফল আমরা পাচ্ছি। আমরা ডিজিটালাইজড হয়েছি বলেই সারা পৃথিবীতে একটা অবস্থান নিয়েছি।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট সোসাইটি গড়ে তুলতে হবে, প্রয়োজন হবে স্মার্ট ইকোনমি, স্মার্ট সিটিজেন।

আসাদুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীকে সকল পরামর্শ দিয়ে থাকেন। এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তার পরামর্শ শতভাগ কাজে লেগেছে।

তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবেন ততদিন আলোকিত থাকবে বাংলাদেশ।

সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু: রুহুল আমিন, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন কুমার বক্সী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আব্দুল মান্নান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার ও দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম। সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ