আন্তঃব্যাংক লেনদেনের ফি পরিবর্তন হবে কিনা জানালেন অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
আন্তঃব্যাংক লেনদেনের ফি পরিবর্তনের কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৪৬টি ব্যাংক নিজস্ব ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন ব্যাংকিং সেবা দিচ্ছে। ব্যাংকের অভ্যন্তরীণ লেনদেন বা ইনট্রাব্যাংক ট্রান্সফারের ফি সংশ্লিষ্ট ব্যাংক নিজেই নির্ধারণ করে এবং তা ‘সিডিউল অব চার্জেস’-এ উল্লেখ করে প্রকাশ করে থাকে।
তিনি আরও জানান, গ্রাহকরা বাংলাদেশ ব্যাংক পরিচালিত বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন করতে পারেন। এর মধ্যে BEFTN-এর মাধ্যমে বিনা খরচে, RTGS ব্যবস্থায় প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০০ টাকা (ভ্যাটসহ) এবং NPSB-এর মাধ্যমে সর্বোচ্চ ১০ টাকা (ভ্যাটসহ) খরচে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থ স্থানান্তর করা যায়।
আন্তঃব্যাংক লেনদেনের এসব ফি কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।
জনতার আওয়াজ/আ আ