আম রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে: কৃষি উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আম রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে: কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৮, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৮, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বিদেশে বাংলাদেশের আমের বিপুল চাহিদা রয়েছে। আম রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে।

বুধবার (২৮ মে) রাজধানীর ফার্মগেটস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আম রপ্তানি উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষি উপদেষ্টা বলেন, আমের উৎপাদন ও রপ্তানি বাড়াতে হবে। রপ্তানি বাড়াতে প্রকল্পের মাধ্যমে আম উৎপাদন করা হচ্ছে। আম চাষিদের প্রয়োজন বিবেচনায় নিয়ে কৃষি প্রণোদনা দেওয়া হবে। স্বল্প মূল্যে হর্টিকালচার সেন্টার হতে কৃষকরা উন্নত জাতের আমের চারা পাবেন। প্রণোদনার মাধ্যমে হর্টিকালচার সেন্টারে আমের চারা উৎপাদন বাড়াতে উপদেষ্টা নির্দেশ দেন।

উপদেষ্টা কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে সকলকে আহ্বান জানিয়ে বলেন, সবারই কথা বলার জায়গা আছে, কিন্তু কৃষক ভাইদের কথা বলার কোনো জায়গা নেই। কৃষক যাতে উৎপাদিত ফসলের দাম পায়। দেশে কৃষি জমির পরিমাণ কমলেও গবেষণা প্রতিষ্ঠানের কাজের কারণে বিভিন্ন ফসলের উৎপাদন কয়েকগুণ বেড়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আম চাষের ক্ষেত্রেও বিদ্যমান বাগানে কিভাবে ফলন বাড়ানো যায়, সে প্রযুক্তি ও জাত উন্নয়নে গবেষণা প্রতিষ্ঠানগুলোকে জোর দিতে হবে।

অনুষ্ঠানে আম চাষি ও রপ্তানিকারকগণ বাগানে আমের ব্যাগিং, প্যাকিং, পরিবহন, প্রণোদনাসহ বিভিন্ন সমস্যার কথা জানালে উপদেষ্টা বিষয়গুলো সমাধানে কাজ করার আশ্বাস দেন।

এর আগে উপদেষ্টা আম রপ্তানি উদ্বোধন করেন।

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ যুক্তরাষ্ট্র, জার্মানি, সৌদি আরব, কাতার ও বাহরাইন—এই পাঁচটি দেশে ১৩ টন আমের চালান যাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ