ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বিএনপির শোক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ২০, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ২০, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ বিধ্বস্ত হেলিকপ্টারে সব জেষ্ঠ্য কর্মকর্তাদের নিহত হওয়ার মর্মস্পর্শী ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২০ মে) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, গতকাল ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে পাহাড়ী তুষারাবৃত এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ সরকারের অন্যান্য কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনা বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে। ইব্রাহিম রাইসি’র মৃত্যু মুসলিম বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি একজন অসাধারণ রাষ্ট্রনায়ক। ভ্রাতৃপ্রতিম দেশটির এই দুঃখের দিনে আল্লাহ তা’আলা যেন তাদের ধৈর্য ধারণের শক্তি দান করেন।
মির্জা ফখরুল বলেন,আমি ইরানের রাষ্ট্রপতিসহ জেষ্ঠ্য কর্মকর্তাদের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তা’আলা ইরানের জনগণ এবং প্রেসিডেন্ট রাইসিসহ নিহতদের পরিবারের সদস্যদের যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দেন।
পাশাপাশি যাঁরা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাঁদের আশু সুস্থতা কামনা করছি।
এদিকে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শোক জানিয়েছেন।
জনতার আওয়াজ/আ আ