ইসির কাছে আইন-কানুন ও বিবাদ নিষ্পত্তির বিষয়ে জানলো ইইউ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ১১:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ১১:০৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল নির্বাচন কমিশন সচিবালয়ের আইন কমিটির সঙ্গে বৈঠক করেছে। সেখানে ইইউ প্রতিনিধিদল নির্বাচনী আইন-কানুন সম্পর্কে জেনেছে। একইসাথে নির্বাচনের আগে ও পরে বিবাদ নিষ্পত্তিতে আইনি প্রক্রিয়াগুলো কীভাবে কাজ করে সে বিষয়েও জানতে চেয়েছেন তারা।
মঙ্গলবার বিকাল ৩টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসির আইন অনুবিভাগের যুগ্মসচিব মো. মাহবুবার রহমান সরকারের নেতৃত্বে ইসির যুগ্মসচিব মো. আবদুল বাতেন ও ফরহাদ আহম্মদ খানের উপস্থিতিতে প্রায় তিন ঘন্টাব্যাপী এই বৈঠক হয়। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের টেকনিক্যাল টিমের নেতৃত্ব দেন দিমিত্র ইয়ানো। এ নিয়ে দ্বিতীয় দফায় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হলো ইইউ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের।
বৈঠক শেষে মো. মাহবুবার রহমান সরকার বলেন, এর আগেও ইউরোপীয় ইউনিয়ন থেকে একটি দল ইসিতে এসেছিলেন। তখন উনারা বলেছিলেন ইলেকশন প্রসেসিং সম্পর্কে তারা তো জানেন না, তাই বসতে চেয়েছিলেন। আমাদের আইন-কানুন যা আছে, সংবিধান, আরপিও থেকে শুরু করে যত সংশোধনী আছে, বিদেশি পর্যবেক্ষক ও দেশি পর্যবেক্ষকরা কিভাবে কাজ করবেন, কিভাবে করবে না এসব বিষয় আমাদের কাছে জানতে চেয়েছেন।
এছাড়া পর্যবেক্ষকরা আসতে গেলে কোন প্রক্রিয়ায় আসবে এবং ইক্যুয়েপমেন্ট লাগলে তা কিভাবে নিয়ে আসবেন সেটি জানতে চেয়েছেন। আমাদের আইন বাংলায় হওয়াতে উনারা জানেন না। এগুলো জানতে চেয়েছিলেন, আমরা তা প্রোভাইড করেছি।
আরপিও সংশোধনী নিয়ে উদ্বেগ জানিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, উদ্বেগের কিছু বলেননি। উনারা জানতে চেয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উনারা টেকনিক্যাল সাপোর্ট দেবেন এমন কোনো কথা বলেননি।
আমরা উনাদের কী সাপোর্ট দেবো সেটি জানতে চেয়েছেন। তিনি আরও বলেন, উনারা আসলে জানতে চেয়েছেন, নির্বাচনের আগে-পরে বিবাদ নিষ্পত্তিতে আইনি প্রক্রিয়াগুলো কীভাবে কাজ করে। নমিনেশন পেপার সাবমিট কিভাবে হয় সেটাও উনারা জানতে চেয়েছেন। আইনে প্রসিজিউরগুলো কিভাবে হয় সেটাও জানতে চেয়েছেন।
জনতার আওয়াজ/আ আ