ঈদে আসছে মাসুমা রহমান নাবিলার ‘বনলতা সেন’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ২২, ২০২৬ ৩:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ২২, ২০২৬ ৩:৫৭ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
কয়েক দফা মুক্তি পেছানোর পর অবশেষে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে জীবনানন্দ দাশের কাল্পনিক চরিত্র বনলতা সেনকে ঘিরে নির্মিত সিনেমা ‘বনলতা সেন’। সিনেমা মুক্তির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। সম্প্রতি ‘বনলতা সেন’র একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “না, এ কোনো যন্তরমন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? ‘বনলতা সেন’ আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে।”
নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের বহুল আলোচিত সিনেমা ‘বনলতা সেন’ দীর্ঘদিন ধরেই মুক্তির অপেক্ষায় রয়েছে। এর আগে ২০২৪ সালে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হলেও দেশের সার্বিক পরিস্থিতির কারণে সে পরিকল্পনা স্থগিত করেন নির্মাতা। পরবর্তীতে গত বছরের রোজার ঈদেও সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।
বারবার মুক্তি পিছিয়ে যাওয়ার কারণ প্রসঙ্গে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘কিছু কারণে আমরা সিনেমাটি মুক্তি দিতে পারিনি। তবে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। আমরা প্রচারণাও শুরু করেছি।’
অন্যদিকে সিনেমাটির সহ-প্রযোজক তরুণ মজুমদারের সঙ্গে নির্মাতার দ্বন্দ্বের বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। জানা যায়, এই দ্বন্দ্ব এখন আদালত পর্যন্ত গড়িয়েছে এবং এখনো এর কোনো সুরাহা হয়নি।
তরুণ মজুমদার অভিযোগ করে বলেন, সিনেমার কাজ শুরুর সময় সবকিছু ঠিকঠাক থাকলেও পরবর্তীতে সিনেমার অগ্রগতি জানতে চাইলে নির্মাতা টালবাহানা শুরু করেন। তিনি বলেন, একপর্যায়ে তিনি বিনিয়োগ করা অর্থ ফেরত নিয়ে সরে যেতে চাইলেও তা ফেরত দেওয়া হয়নি, ফলে বাধ্য হয়েই তিনি আইনি পদক্ষেপ নেন।
তার দাবি, সিনেমা সংক্রান্ত সব ধরনের ডকুমেন্ট তার কাছে রয়েছে এবং তিনি কোনো প্রমাণ ছাড়া কোনো পদক্ষেপ নেননি। পাশাপাশি তিনি জানান, তদন্ত প্রতিবেদনও রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, নির্মাতা উজ্জ্বল বিভিন্ন জায়গায় দাবি করছেন যে তিনি সুদসহ অর্থ ফেরত চেয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যাচার।
এদিকে সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা উজ্জ্বল জানান, আদালতের নির্দেশনা মেনেই ‘বনলতা সেন’ মুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে সিনেমাটি ৭০ লাখ টাকার সরকারি অনুদান পায়। নির্মাতা এর আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন, সিনেমাটি নির্মাণে কোনো ধরনের ঘাটতি রাখা হয়নি এবং দীর্ঘ সময় লাগলেও যত্ন নিয়ে কাজ শেষ করা হয়েছে।
তিনি আরও বলেন, মূল চরিত্রে অভিনয়ের জন্য কয়েকজন শিল্পীর অডিশন নেওয়া হয়েছিল, যার মধ্যে ছিলেন মাসুমা রহমান নাবিলা। অডিশনের পর চরিত্রের সঙ্গে তার মানানসই মনে হওয়ায় তাকে চূড়ান্ত করা হয়।
সিনেমাটিতে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এছাড়া আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশি প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ