কলাপাড়ায় বাবার অবাধ্য হয়ে ছাত্রলীগ করায় ছেলেকে ‘ত্যাজ্যপুত্র’ করলেন বাবা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কলাপাড়ায় বাবার অবাধ্য হয়ে ছাত্রলীগ করায় ছেলেকে ‘ত্যাজ্যপুত্র’ করলেন বাবা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ৯:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ৯:৫২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

পটুয়াখালীর কলাপাড়ায় বাবার অবাধ্য হয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন ছেলে। এতে রাগ করে ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন বাবা। জানা যায়, আলিফ মাহমুদ রুদ্র কলাপাড়ার ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তিনি কলাপাড়া ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। বাবা রাসেল মোল্লা কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

আজ মঙ্গলাবার নিজের ফেসবুকে মো. রাসেল মোল্লা তার বড় ছেলে আলিফ মাহমুদ রুদ্রের (২২) ছবি দিয়ে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন। রাসেল মোল্লা তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, প্রিয় কলাপাড়াবাসী আসসালামু আলাইকুম। আমার ছেলে আলিফ মাহমুদ রুদ্র, সে আমার সিদ্ধান্তকে উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হওয়ার কারণে তাকে আমার পরিবার থেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করলাম। আজ থেকে আমার পরিবারের কোন সদস্যের সাথে তার কোন সম্পর্ক নাই। আমি নিজেও গত দুই বছর ধরে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নাই, আগামীতেও জড়িত হবোনা।

এ বিষয়ে জানতে চাইলে রাসেল মোল্লা বলেন, আমি আমার ছেলের জ্বালায় অতিষ্ট হয়ে গেছি। আমি আগে রাজনীতি করতাম, আমি রাজনীতিকে এখন পছন্দ করি না। আমার ছেলে ছাত্রলীগের রাজনীতি করুক সেটা আমি চাইনা। এজন্য আমি তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছি। খুব শিগগিরই কাগজ-কলমে তাকে ত্যাজ্য করা হবে।

অপরদিকে আলিফ মাহমুদ রুদ্র বলেন, আমি আমার বাবার বাসাতে থাকি না। ছোটবেলা থেকেই আমি ছাত্রলীগকে পছন্দ করি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বেঁচে থাকতে চাই। আমি ছাত্রলীগের রাজনীতি করি, এজন্য আহত হয়েছি কয়েকবার। পরিবারের সঙ্গে আমার অনেক আগে থেকেই ভালো সম্পর্ক নেই। আমি ছাত্রলীগের নিবেদিত প্রাণ।

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ত্যাজ্য করার বিষয়টি পারিবারিক। তারপরও আলিফ মাহমুদ রুদ্র যদি ছাত্রলীগের জন্য নিবেদিত প্রাণ হয়ে থাকেন অবশ্যই তাকে মূল্যায়ন করা হবে। দেশে লাখ লাখ ছাত্রলীগ কর্মী রয়েছে। তাদের বাবারা গৌরব করেন তার সন্তানদের নিয়ে, কারণ তার ছেলে ছাত্রলীগ করেন। আমরা রুদ্রর পাশে রয়েছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ