খালেদা মুক্ত হলে ২০৪১ পর্যন্ত ক্ষমতার কথা বলার সাহস পেত না আ’লীগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
একদলীয় সরকার কায়েমের পথে খালেদা জিয়াকে প্রতিবন্ধক মনে করে আওয়ামী লীগ। এ কারণেই সরকার তাকে কারান্তরীণ রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।
তিনি বলেন, খালেদা জিয়া মুক্ত থাকলে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা বলার সাহসও পেত না আওয়ামী লীগ।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক এবং বর্তমান নেতাদের আয়োজনে দোয়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্র এবং মহানগরী উত্তরের নেতারা অংশ নেন।
এ সময় ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার দেশের যে কোনো আসন থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব করেন। ওই নির্বাচনে যিনি বিজয়ী হবেন তিনি আগামীতে দেশ পরিচালনা করবেন এমন প্রস্তাবও করেন তিনি।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলেও মন্তব্য করেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।
জনতার আওয়াজ/আ আ